দুর্নীতির দুই মামলায় খালেদার আবেদনের আদেশ বুধবার
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ব্যাপারে আগামী বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ শেষে আদেশের দিন ধার্য করেন।
গত রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবেদন করেন। একই সঙ্গে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজি জানানো হয়েছে।
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। এ দুই মামলায় সাক্ষ্য নিতে ২১ এপ্রিল দিন ধার্য করা হয়।