দুর্নীতির প্রতিবাদ করায় ভাঙচুর মামলার আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারে উপজেলা বিদ্যুৎ বিভাগের (পিডিবি) দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা সেচ পাম্পমালিক সমিতির সভাপতিকে বিদ্যুৎ কার্যালয় ভাঙচুরের ঘটনায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সমিতির সভাপতি আইয়ুব আলীর অভিযোগ, ‘ডোমার পিডিবি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করে অবৈধ টাকা উপার্জন করছেন। এসব বিষয়ে আমি অনেক দিন ধরে প্রতিবাদ করে আসছি। ১ নভেম্বর সকালে ডোমার শহরের স্টেশন সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তিনটি দোকান পুড়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় বিক্ষিপ্তভাবে কিছু লোকজন বিদ্যুৎ অফিসে হামলা চালান। তবে আমি তখন বিদ্যুৎ অফিসের কাছাকাছিও ছিলাম না। কিন্তু ওই মামলায় আমাকে ১ নম্বর আসামি করেন আবাসিক প্রকৌশলী মনোরঞ্জন রায়।’
অভিযোগ অস্বীকার করে মনোরঞ্জন রায় বলেন, অনিয়মের অভিযোগে তাঁরা প্রতিবাদ করতেই পারেন। সে কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রশ্নই ওঠে না।