ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েফ উল্লাহ ঠাকুর ও প্রধান শিক্ষক মুহিত কুমার দেবের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মনিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।গতকাল শনিবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, ১৩ নভেম্বর রাতে ব্যবস্থাপনা পর্ষদের সাধারণ সভায় ওই শিক্ষকের সাময়িক বরখাস্তের বিষয়টি সিদ্ধান্ত হয়। ১৪ নভেম্বর থেকে তা কার্যকর হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত সাময়িক বরখাস্তপত্রে সহকারী শিক্ষক মনিজুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ ১০টি অভিযোগ আনা হয়েছে।দেওড়া গ্রামের ইউপি সদস্য ও অভিভাবক শরিফ উদ্দিন জানান, ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষক দুজনই বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ছয় লাখ টাকা আত্মসাতের মামলা রয়েছে। তাঁরা দুর্নীতির দায় থেকে রক্ষা পেতে রাতের আঁধারে চারজন মিলে সভা করে স্পষ্টবাদী ওই শিক্ষককে বরখাস্ত করেছেন। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান শিক্ষক বরখাস্তের বিষয়ে বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষককে বরখাস্ত করার আগে তিনবার কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হলে এবং অভিযুক্ত বিষয়ের পক্ষে যথোপযুক্ত প্রমাণাদি থাকলেই কেবল বরখাস্ত করা যায়। আমি জেনেছি, ওই শিক্ষকের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হয়নি।’বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের অভিভাবক সদস্য শামীমা চৌধুরী বলেন, ‘শিক্ষক মনিজুর রহমান সভাপতি ও প্রধান শিক্ষকের রোষানলের শিকার হয়েছেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৩ নভেম্বরের সভা সম্পর্কে আমি কিছুই জানি না। সভাপতি কজন সদস্য নিয়ে মনগড়াভাবে এ কাজটি করেছেন।’কমিটির শিক্ষক প্রতিনিধি আমিরুল ইসলাম বলেন, মনিজুর রহমানও কমিটির শিক্ষক প্রতিনিধি। তিনি বিদ্যালয়ের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় সভাপতি ও প্রধান শিক্ষক তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন।কমিটির সদস্য দিলীপ কুমার রায় ও হাবিবুর রহমান জানান, ‘ওই সাধারণ সভার বিষয়ে আমরা কিছুই জানি না। সভাপতির বিরুদ্ধে আমরা ছয়জন সদস্য অনাস্থা দিয়েছি। শিক্ষক বরখাস্তের বিষয়ে আমরা নিন্দা জানাই।’সাময়িক বরখাস্তকৃত শিক্ষক মো. মনিজুর রহমান বলেন, ‘সভাপতি ও প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে আমি বরাবরই প্রতিবাদ করে আসছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ একটিও সত্য নয়। তাঁরা বিষয়টি সাজিয়েছেন। রাতের আঁধারে ১১ সদস্যের মধ্যে মাত্র চারজন মিলে সভা করে আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহিত কুমার দেব বলেন, নিয়মের মধ্যে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তবে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ ও দুর্নীতির বিষয়ে প্রধান শিক্ষক জানান, ‘এসব আমার জানা নেই। সভাপতিই ভালো জানেন।’বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগের নেতা মো. সায়েফ উল্লাহ ঠাকুর বলেন, ‘অনিয়মের কারণেই শিক্ষক মনিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কমিটির পাঁচজন সদস্য নিয়ে সভা করেই এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। ওই শিক্ষক লোক হিসেবে ভালো না।’