দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি
বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র ও ১ নম্বর প্যানেল মেয়রের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতির প্রতিবাদে কয়েকজন কাউন্সিলর গতকাল বৃহস্পতিবার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
দুর্নীতি ও অনিয়মের বিষয়ে আন্দোলনকারী কাউন্সিলররা গতকাল পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের সচিবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। গত বুধবার তাঁরা পৌর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েও প্রতিবাদ জানান।
আন্দোলনকারী কাউন্সিলররা হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার, ৫ নম্বর ওয়ার্ডের চন্দন কুমার দাস ও ৮ নম্বর ওয়ার্ডের তাপস মালাকার।
তাঁরা অভিযোগ করেন, পৌর এলাকার উন্নয়নকাজের দরপত্র জালিয়াতি করে ঠিকাদারের মাধ্যমে লাখ লাখ টাকার কাজ করা হয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এ ছাড়া মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং ৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর প্যানেল মেয়র ফিরোজ আহম্মেদ পৌর পরিষদের হাটবাজার, ট্রাক টার্মিনাল ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছেন।
এ বিষয়ে স্বাধীন কুমার কুন্ডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
প্যানেল মেয়র ফিরোজ আহম্মেদ বলেন, সম্পূর্ণ সরকারি বিধি মেনে হাটবাজারের দরপত্র বিষয়ে গত মঙ্গলবার পৌর পরিষদের সিদ্ধান্তে ইজারাদার চূড়ান্ত হয়েছে।