দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন পুনর্বাসন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের রেলগেটের উত্তর পাশে এ কর্মসূচি পালিত হয়। ‘কালুখালী-ভাটিয়াপাড়া রেলের কাজের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে নাগরিক কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে নাগরিক কমিটির আহ্বায়ক মালেক সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগের আতিয়ার রহমান, ওয়ার্কার্স পার্টির মনোজ সাহা, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আ. সালাম বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সমরেন্দ্র বসু, ইফতেখার আজম, নজরুল ইসলাম, এ টি এম মাসুদ প্রমুখ। বক্তারা রেল পুনর্বাসন কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শিডিউল অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এই রেলপথের সঙ্গে তাঁদের আবেগ জড়িত।