দুর্নীতির প্রতিবাদে শ্রেণীকক্ষে তালা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শনিবার ক্লাস বর্জন করেন এবং সব কটি ভবনের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে অনিয়মসহ নানা সমস্যা দূর করার দাবিতে কয়েক শ শিক্ষার্থী মানববন্ধন ও দিনভর বিক্ষোভ করেন। সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাধারণ শিক্ষকদের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে ধর্মঘট পালন করেন। আজ রোববার শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি ও শিক্ষকেরা দিনভর অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন।আন্দোলনরত শিক্ষকদের মধ্যে গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান বলেন, ‘নতুন এই বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে উপাচার্যের পদত্যাগ দাবি করছি।’জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে কয়েক শ শিক্ষার্থী সব কটি ভবনের শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেন। সাড়ে নয়টায় ক্যাম্পাসের হায়াত মেহমুদ ভবনের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদুজ্জমান নূরের মাথা ফেটে যায়। তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।এদিকে মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহামঞ্চদ আবদুল জলিল মিয়া। তিনি বলেন, ‘এ আন্দোলন অবৈধ। তোমাদের এ আন্দোলন করা ঠিক হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এসব দাবির বিষয়ে জানানো উচিত ছিল।’ শিক্ষার্থীদের নানা সমস্যার কথা স্বীকার করে উপাচার্য বলেন, ‘আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’ অন্যদিকে বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষকদের অবস্থান ধর্মঘট চলাকালেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। উদ্ভূত পরিস্থিতিতে বিকেল চারটার দিকে উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করেন। সহিংসতার আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।