দুর্নীতির প্রমাণ, অনাস্থা, তবু বহাল তবিয়তে চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাক্ষর জাল করে ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাৎ, ভিজিডি ও ভিজিএফ বিতরণে অনিয়ম, দুর্নীতিসহ ১৩টি অভিযোগ। তদন্তে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। অনাস্থা এনেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) নয় সদস্য। তবুও বহাল তবিয়তে আছেন তিনি।
তাঁর নাম গোলাম রসুল ওরফে বাবু। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউপির চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের নেতা হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ ইউপি সদস্যদের।
অভিযোগকারী সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ডের লোকমান আলী; ২ নম্বর ওয়ার্ডের আসমত আলী; ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রিস আহমেঞ্চদ; ৬ নম্বর ওয়ার্ডের আবু সুফিয়ান; ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম; ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সখিমন বেওয়া; ৪ নম্বর ওয়ার্ডের বনিজ উদ্দিন; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাফিয়া আক্তার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ফাতেমা খাতুন।
ইউপি সদস্যদের অভিযোগ, ২০১১-১২ অর্থবছরে চেয়ারম্যান দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) ১২টি প্রকল্পের মধ্যে ছয়টি প্রকল্পের কাজ না করেই ভুয়া প্রকল্প দাখিল করে ছয় লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০১২-১৩ অর্থবছরে এলজিএসপির প্রথম কিস্তির কাজে দুটি ভুয়া প্রকল্প দাখিল করেন দুজন নারী সদস্য এবং চারজন ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে সাতটি চেকের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক থেকে তিন লাখ এক হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। অর্থ আত্মসাতের ঘটনায় নয় ইউপি সদস্য গত বছরের ৬ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। জেলা ফ্যাসিলেটেটর গত বছরের ২২ মে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেন।
হাকিমপুরের ইউএনও আজাহারুল ইসলাম জানান, ওই ঘটনায় মন্ত্রণালয়ের লিখিত নির্দেশে ওই ইউপির সচিব মোশারফ হোসেন বিরুদ্ধে গত ২৩ জুন থানায় মামলা দায়ের করা হয়। আর চেয়ারম্যান গোলাম রসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে দিনাজপুর জেলা প্রশাসক গত বছরের ১৬ জুলাই ও ২০ আগস্ট দুই দফায় চিঠি দেন। এ ছাড়া এলজিএসপি-২-এর উপপ্রকল্প পরিচালক (ফিল্ড অপারেশন) শফিউল হক ৩ মার্চ গোলাম রসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন দেন।
ইউপি সদস্যদের অভিযোগ, টিআরের ভুয়া প্রকল্প দেখিয়ে মনসাপুর নূরানি মাদ্রাসা উন্নয়নে এক টন চাল, সাধুরিয়া পাকা রাস্তার দক্ষিণ পাশের পুকুরের গাইডওয়াল নির্মাণে দুই টন চাল ও মনসাপুর রাস্তার দক্ষিণ পাশে গাইডওয়াল নির্মাণে প্রায় সাড়ে ১১ টন চাল আত্মসাৎ করেছেন। নয়জন ইউপি সদস্য ২০১২ সালে ৭ নভেম্বর লিখিত অনাস্থা প্রস্তাব ইউএনও ও জেলা প্রশাসকের কাছে জমা দেন। বিধি অনুযায়ী ৪০ কার্যদিবসের মধ্যে অভিযোগ তদন্তের নিয়ম থাকলেও দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি সেনসেটিভ। আমি এর তদন্ত করব না।’ এরপর চলতি বছরের ১৬ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুল হক চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে তদন্তে যান।
গোলাম রসুল বলেন, ওই নয় ইউপি সদস্য ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন। ইউপির সচিব মোশারফ হোসেন চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছেন। এর সঙ্গে তিনি জড়িত নন। জেলা ফ্যাসিলেটেটরের তদন্ত প্রতিবেদন পক্ষপাতমূলক বলে তিনি অভিযোগ করেছেন।
ইউপির সচিব মোশারফ হোসেন স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন।
ইউএনও আজাহারুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউপির সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। ইউপির সদস্যরা অনাস্থা এনেছেন। অনাস্থার বিষয়ে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।