দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অঙ্গীকার তরুণদের

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস আজ বুধবার। দিবসটিতে তরুণেরা মেতে ছিল তারুণ্যের উদ্দীপনায়। দুর্নীতিবিরোধী র্যালি, প্যানেল আলোচনা, কুইজ ও উপস্থিত বক্তৃতাসহ নানা আয়োজনে তরুণেরা দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। এবার দিবসটির প্রতিপাদ্যই, ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’।
দিবসটি উপলক্ষে তরুণদের নিয়ে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী তরুণ মেলাসহ বিভিন্ন আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে বাংলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশের হাজারো তরুণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল একটি সুশাসিত ও শোষণহীন দেশের প্রত্যাশায়। বর্তমান তরুণ প্রজন্মও একইভাবে দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবে।’
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘আমরা চাই, এ দেশ সৎ ও যোগ্য মানুষের হাতে পরিচালিত হবে। এই তরুণ সমাজই একদিন দেশ থেকে দুর্নীতি রোধ করে সুশাসিত ও উন্নত দেশ গঠনে নেতৃত্ব দেবে।’
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে সংস্কারের প্রয়োজন। আমাদের জাতীয় সংসদের বেশির ভাগ সদস্যই ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়ীরা রাজনীতি করবে এতে কোনো অসুবিধা নেই। তবে, যে প্রক্রিয়ায় ব্যবসায়ীরা রাজনীতিতে আসেন তা যথাযথ নয়। যে কারণে সংসদ যথাযথভাবে কাজ করতে পারে না।’ তরুণ সমাজ সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে যথাযথ ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দিনব্যাপী বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে ২৭টি সমমনা সংগঠনের অংশগ্রহণে মেলা চলে। এতে বিভিন্ন সংগঠন তাদের যোগাযোগ উপকরণ ও ভিডিও চিত্র প্রদর্শন করে। দেশের ৪৫টি সচেতন নাগরিক কমিটি (সনাক) এলাকা এবং ঢাকায় গঠিত ১৪টি ইয়েস সংগঠনের সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণেরা মেলা প্রদর্শন করে এসব প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে ধারণা লাভ করে।
সকাল ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে উপস্থিত তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুলতানা কামাল এবং ইফতেখারুজ্জামান। দিনের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হয় কুইজ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং জাতীয় সততা জরিপ ২০১৫ এর ওপর একটি বিশেষ উপস্থাপনা। অনুষ্ঠানের শেষভাগে কুইজ, বিতর্ক এবং দুর্নীতিবিরোধী ভিডিওচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে জাতির পিতা শেখ মুজিবর রহমানের ভাষণের একটি ভিডিও প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন কাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা, ইয়েস নাট্য দলের নাটক, আবৃত্তি এবং ব্যান্ড দল ‘জলের গান’ এর পরিবেশনা অনুষ্ঠিত হবে।