দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ড. কামালের
কোথাও সংবিধান লঙ্ঘন কিংবা অনিয়ম-দুর্নীতি হলে, সেখানেই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেছেন, তোমাদের ভবিষ্যৎ তোমাদের গড়তে হবে। ভালো-মন্দ বোঝার ক্ষমতা তোমাদের হয়েছে। যদি দেখ কোথাও সংবিধান লঙ্ঘিত হচ্ছে, অনিয়ম–দুর্নীতি হচ্ছে, সেখানেই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলো।
আজ বুধবার বিকেলে জাতীয় শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ঐক্যবদ্ধ ছাত্রকল্যাণ সমাজ আয়োজিত ‘দেশ রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা ও ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, স্বাধীনতার পূর্বে, এমনকি পরেও কিছু সময় ছাত্ররা যেকোনো ন্যায় ও অধিকার আন্দোলন–সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আর বর্তমানে ছাত্ররাজনীতির নামে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র। ছাত্রদের বিভিন্ন দলে বিভক্ত করা হচ্ছে। তিনি বলেন, জনগণ হলো সব ক্ষমতার উৎস। ইতিহাসে বাঙালিরা এর প্রমাণ বারবার দিয়েছে। প্রয়োজনে ইতিহাসের পুনরাবৃত্তি আবার হবে।
বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের উদাহরণ টেনে কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি ছিল আদর্শের রাজনীতি। প্রধানমন্ত্রিত্বের জন্য তিনি কখনো রাজনীতি করেননি। জনগণের অধিকার আদায় এবং জাতিগত ঐক্য তৈরিতে তিনি রাজনীতি করে গেছেন। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদের দমিয়ে রাখতে পারে। পৃথিবীর যেকোনো অশুভ শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আমরা রুখে দিতে পারি।
আলোচনায় ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহাম্মাদুল্লাহ মধু লিখিত বক্তব্যে বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পরেও আজ আমরা কতটা নিরাপদ? দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। রাজনীতিবিদদের সীমাহীন ব্যর্থতা, রাজনৈতিক সহিংসতা, শাসনের নামে দমন–নিপীড়ন, বিচারের নামে প্রহসন, উন্নয়নের নামে চুরি–লুট দেশে এখন সর্বত্র বিরাজ করছে। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রয়োজন ঐক্যের। ছাত্ররা ঐক্যবদ্ধ হলে জাতি ঐক্যবদ্ধ হবে, জাতি ঐক্যবদ্ধ হলে দেশ মুক্তি পাবে।
ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সভাপতি আজম রূপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সাংগঠনিক সম্পাদক জগলুল হায়দার, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি নাজমুল হাসান প্রমুখ।
পরে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের পক্ষ থেকে ড. কামাল হোসেনের ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।