দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান
অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নেমেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি এ জেলায় সম্প্রতি যোগদান করেন।জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বর (০১৭১১-৪৩৫১০৪) সবাইকে দিচ্ছেন। এমনকি নম্বরটি কাগজে লিখে টাঙিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কার্যালয়ের প্রধানদের নির্দেশ দিচ্ছেন। গত সপ্তাহে জেলা প্রশাসক কুষ্টিয়া পাসপোর্ট অফিস এবং সদর উপজেলা, মজমপুর ও পৌর ভূমি কার্যালয় পরিদর্শন করেন। এসব জায়গায় সেবা নিতে আসা জনগণের হয়রানির অভিযোগ শোনেন জেলা প্রশাসক। তিনি উপস্থিত জনগণকে তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বর দেন। কাজ করতে এসে কোনো রকম হয়রানির শিকার হলে সরাসরি ফোন করার নির্দেশ দেন তিনি।ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা বুকে হাত দিয়ে বললেও আমি বিশ্বাস করব না যে আপনারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নেই। অনিয়ম-দুর্নীতি পেলে বদলি নয়, একেবারে খালি হাতে বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যান, আপনারা ভালো হলে আমার ভালো লাগবে।’গত ২০ নভেম্বর সৈয়দ বেলাল হোসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।