ঘরে-বাইরে দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুদকের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক পর্যায়ের ৪০ জন কর্মকর্তাকে নিয়ে কমিশনের পাঁচ বছরমেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা এবং ২০১৭ সালের সময়াবদ্ধ কর্মধারা চূড়ান্ত করার জন্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার ইকবাল মাহমুদ এ ঘোষণা দেন।
দুদকের চেয়ারম্যান দুদকের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা কে কোথায় কী করি, তা সবাই জানে। ২০১৬ সালে ধারণা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু ব্যবস্থা আমরা নিয়েছি। এ বছর কর্মকর্তাদের নৈতিক স্খলনজনিত যেকোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘরে-বাইরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।’
কর্মশালায় আরও বক্তব্য দেন দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম এবং সচিব আবু মো. মোস্তফা কামাল।