দুর্নীতির ধারণাসূচকে কিছুটা ভালো করেছে বাংলাদেশ: টিআইয়ের বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ
দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক

দুর্নীতির বিশ্বজনীন ধারণাসূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কিছুটা নেমে গেছে। গত বছর এই তালিকায় বাংলাদেশ ১৩৯তম হলেও এবার ১৪৫তম হয়েছে। টিআইবিও মনে করছে, বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনো উদ্বেগজনক।
বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্বজুড়ে দুর্নীতির যে ধারণাসূচক বা সিপিআই-২০১৬ (করাপশন পারসেপশনস ইনডেক্স) প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের নম্বর বা স্কোর ২৬। গত বছর এটা ছিল ২৫।
গতকাল বুধবার সকালে ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে বার্লিনের সঙ্গে একযোগে এটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ওই প্রতিবেদনে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে আছে সোমালিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড।
টিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সূচকে অন্তর্ভুক্ত মোট ১৭৬টি দেশের মধ্যে উচ্চক্রম (ভালো থেকে খারাপের দিকে) অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৫তম। আগের বছর ১৬৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম। তবে সূচকের ১০০ মানদণ্ডের মধ্যে এবার বাংলাদেশের স্কোর ২৬। সিপিআই সূচকে ‘০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারনায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত দেশ বলে ধারণা করা হয়।
দুর্নীতির ধারণা সূচক প্রকাশ অনুষ্ঠানে এর বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বক্তব্য দেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের দুই সদস্য এম হাফিজউদ্দিন খান ও আলী ইমাম মজুমদার, টিআইবির উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের ও পরিচালক (আউটরিচ ও কমিউনিকেশন) রিজওয়ান-উল আলম।
সংবাদ সম্মেলনে বলা হয়, জরিপে যেসব প্রতিপাদ্য ব্যবহার করা হয়, তার প্রধান দিকগুলো হলো দুর্নীতি ও ঘুষ আদান-প্রদান, স্বার্থের সংঘাত ও তহবিল অপসারণ, ব্যক্তিগত ও রাজনৈতিক দলের স্বার্থে সরকারি পদমর্যাদার অপব্যবহার, অনিয়ম প্রতিরোধে ও দুর্নীতিবাজদের বিচার করতে সরকারের সাফল্য ও ব্যর্থতা, দুর্নীতিবিরোধী উদ্যোগ ও অর্জনে বাধাদান এবং প্রশাসন, কর আদায়, বিচার বিভাগসহ সরকারি কাজে বিধিবহির্ভূত অর্থ আদায়।
ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের স্কোর বাড়া কিংবা অবস্থানে অগ্রগতি দেখে বলা মুশকিল দুর্নীতি বেড়েছে না কমেছে। যেসব দেশ ৪৩ বা তার বেশি স্কোর পায়, ধারণা করা হয় যে সেসব দেশ মধ্যম পর্যায়ে দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। কিন্তু ধারণা সূচকে দেখা যায়, ৬২ শতাংশের বেশি দেশের স্কোর ৪৩ বা তার নিচে। তিনি আরও বলেন, যেসব দেশ শীর্ষ অবস্থানে আছে, তারাও শতভাগ স্কোর করতে পারেনি। এ ছাড়া তালিকার শীর্ষে থাকা অনেক দেশেরই স্কোর আগের চেয়ে কমেছে। সে কারণে বলা যায়, এখনো বিশ্বব্যাপী দুর্নীতির বিস্তার আছে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘২০১২ সালেও বাংলাদেশের স্কোর ২৬ ছিল। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন হওয়ার প্রেক্ষাপটে বলা যায় যে বাংলাদেশে দুর্নীতির পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে মনে করা হচ্ছে যে বাংলাদেশের আইনি, প্রাতিষ্ঠানিক ও নীতিকাঠামো তুলনামূলকভাবে দৃঢ়তর হয়েছে। এই ধারণা থেকে সূচকে বাংলাদেশের স্কোর ১ বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রয়োগের ঘাটতির কারণে আমরা আরও ভালো করতে পারিনি।’
ভালো করতে না পারার ক্ষেত্রে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছে টিআইবি। সংস্থাটি বলছে, দুর্নীতিবিরোধী অঙ্গীকার অনুযায়ী অনেক ইতিবাচক উদ্যোগ রয়েছে। কিন্তু পদক্ষেপ গ্রহণ, দুদকের প্রত্যাশিত সক্রিয়তা ও কার্যকরতার অভাব এবং দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ঘাটতি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ব্যবসা প্রসার, জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বার্থের দ্বন্দ্ব, অবৈধ লেনদেন, কালোটাকা সাদা করা এবং বিদেশে অর্থ পাচারের সুযোগের কারণে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানে সেরকম অগ্রগতি হয়নি। এ ছাড়া অস্বীকৃতির সংস্কৃতি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে মনে করছে টিআইবি।
বৈশ্বিক অবস্থানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবারও দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। এ অঞ্চলের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে আফগানিস্তান। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভুটান।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘এবারের স্কোর আমাদের এতটুকু স্বস্তি দিচ্ছে যে আমরা আগের চেয়ে আরও নিচে নেমে যাইনি। আমাদের অবস্থান কিছুটা ভালো হয়েছে। কিন্তু এতে আমাদের দুর্নীতিবিরোধী যে সংগ্রাম বা অবস্থান, তাকে লঘু করে দেখার সুযোগ নেই। কারণ এখনো আমরা খুশি হওয়ার মতো অবস্থানে যেতে পারিনি।’