দুর্নীতির ব্যাপারে ছাড় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, ‘দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না। আপনারা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ দিলে আমরা তদন্ত শুরু করব। এতে আমরা কোনো কার্পণ্য করব না।’
গতকাল বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে দুদকের উদ্যোগে গণশুনানিকালে প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দীন আহমেদ ওই কথা বলেন। এতে উপজেলাটির ভূমি, দিয়ারা সেটেলমেন্ট, সাব-রেজিস্ট্রি, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, হিসাবরক্ষণ, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমবায়, সমাজসেবা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সেবা-সংক্রান্ত বিষয় নিয়ে শুনানি হয়।
শুনানির সময় কলাপাড়া পৌরসভার মাহবুবুর রহমান অভিযোগ করেন, তাঁর পৈতৃক ভিটা ও দুই কানি জমি একজন অন্যায়ভাবে দখল করেছেন। এসব জমির জমা খারিজ করে দেওয়ার জন্য তিনি ভূমি অফিসকে দায়ী করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস বলেন, ১৫০ ধারায় লিখিত আবেদন করলে আইনগত দিক খতিয়ে দেখে বিষয়টি সমাধান করা হবে।
নাচনাপাড়া এলাকার আসাদ আল আমিন উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দুজনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। জবাবে সাব-রেজিস্ট্রার মো. ফজলে রাব্বি বলেন, যদি তদন্তে এর সত্যতা পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
মেজবাহ উদ্দিন নামের পৌর শহরের এক বাসিন্দা মিটার না দেখে বিদ্যুৎ বিল, বছরের পর বছর ধরে মিটার বাবদ অর্থ, সার্ভিস চার্জ নেওয়া এবং সেবার মানের ব্যাপারে আপত্তি তোলেন। পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক সুদেব কুমার সরকার এর জবাবে বলেন, মিটার না দেখে বিল করার নির্দিষ্ট তথ্য-প্রমাণ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ নেওয়ার বিষয়টি সমিতির সিদ্ধান্ত অনুযায়ী হয়ে থাকে।
লালুয়া ইউনিয়নের এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুনায়েত হোসেন খান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক কাম মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে ৪৬ হাজার টাকা ঘুষ নেওয়ার প্রমাণ গণশুনানির সময় দুদক কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেন এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গণশুনানি অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী সভাপতিত্ব করেন। শুনানিতে স্বাগত বক্তব্য দেন দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেন। সমাপনী বক্তব্যে দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ শুনানিতে উপজেলার ১০টি সরকারি কার্যালয়ের সেবার মান নিয়ে মানুষ যেসব অভিযোগ করেছে, তা পরিবর্তন করার চেষ্টা করার ব্যাপারে তাগিদ দেন।
শুনানিতে আরও বক্তব্য দেন জেলা দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক কাজী শফিকুর রহমান, সচেতন নাগরিক কমিটির (সনাক) আবদুর রব আকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমুখ।