চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগনিরোধ ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া হয়েছে। দামুড়হুদা আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আব্দুল হালিম বুধবার এ আদেশ দেন। আদেশের পর দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।
আদেশে বলা হয়েছে, ‘দণ্ডবিধির ৪০৯ ধারাটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০০ (সংশোধনী/ ১৩)-এর তফসিলভুক্ত অপরাধ। উক্ত আইনের ২০ (১) ধারার বিধান মোতাবেক উক্ত ধারার অপরাধটি সম্পূর্ণরূপে দুদক কর্তৃক তদন্তযোগ্য। এমতাবস্থায় মামলাটি দুদকে হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে ১১ এপ্রিল দামুড়হুদা মডেল থানায় চারজনকে আসামি করে দণ্ডবিধির ৪০৬, ৪১৮ ও ৪২৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় সরকারি কর্মকর্তা আসামি হওয়ায় দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন নতুন করে দণ্ডবিধির ৪০৯ ধারা সংযোজনের জন্য বুধবার আমলি আদালতে লিখিত আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
একই ঘটনায় আলোচিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে তাঁদের একজনকে বরগুনা এবং অন্যজনকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। ১১ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১২ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এঁদের একজন বুধবার নতুন কর্মস্থলে যোগ দিলেও অন্যজনের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।