দুর্নীতির মামলা বাতিলে তারেকের স্ত্রীর আবেদন, বিব্রত হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের করা আবেদনের চূড়ান্ত শুনানি গ্রহণে বিব্রত হয়েছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের এক বিচারপতি। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, বেঞ্চের এক বিচারপতি শুনানি গ্রহণে বিব্রতবোধের কথা জানান। পরে আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম এবং জোবাইদার পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও রাগীব রউফ চৌধুরী। পরে কায়সার কামাল প্রথম আলোকে বলেন, এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দেওয়ার পর বিষয়টি ওই বেঞ্চের তালিকায় আসবে।
সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক। এতে তাঁদের বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।