দুর্নীতির মামলা ‘রাজনৈতিক’ বলে প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক উদ্দেশ্যমূলক হিসেবে গণ্য করে দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র, সাবেক তিনজন ও বর্তমান নয়জন কমিশনারসহ ২৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। গত রোববার ঢাকায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৬তম সভায় এই সুপারিশ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিজিটাল টেলিফোন লাইন স্থাপনে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে ২০০২ সালে টেলিফোন বোর্ড দিনাজপুর পৌরসভাকে ৭০ লাখ ৬১ হাজার ১৯২ টাকা দেয়। কিন্তু তৎকালীন পৌর পরিষদ ও পদস্থ কর্মকর্তারা কোনো কাজ না করে জালিয়াতির মাধ্যমে ৬২ লাখ ৩৯ হাজার ৫১২ টাকা আত্মসাত্ করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মেজবাহ উদ্দিন ২০০৮ সালের ৪ ডিসেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন। এতে পৌরসভার তৎকালীন চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন, ১৫ জন কমিশনার, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ ২৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৩০ মার্চ আদালতে হাজির হলে আদালত ১২ জন কাউন্সিলরসহ ১৫ জনকে জেলহাজতে পাঠান। পরদিন আদালত তিন নারী কাউন্সিলরকে জামিন দিলেও অন্যরা এখনো কারাগারে আটক আছেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মামলাটি ষড়যন্ত্র ও রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে দাবি করে মোসাদ্দেক হোসেন গত বছরের ১২ এপ্রিল ও ১৫ জন কমিশনার ৩১ মে এ সংক্রান্ত জেলা কমিটির কাছে তা প্রত্যাহারের আবেদন জানান। গত ২৭ ফেব্রুয়ারি জেলা কমিটির সভায় কমিটির অন্যতম সদস্য সরকারি কৌঁসুলি মামলাটি প্রত্যাহারের জোর সুপারিশ করেন। কিন্তু কমিটির সভাপতি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভিন্নমত পোষণ করেন। ‘মামলাটি সরকারি অর্থ আত্মসাত্মূলক। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত। রাজনৈতিক উদ্দেশ্যমূলক নয়। মামলাটি প্রত্যাহারযোগ্য নয়।’ এ ধরনের মন্তব্যসহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ২৭ ফেব্রুয়ারি মামলার কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।কমিটির তিন-চতুর্থাংশ সদস্যের আপত্তি সত্ত্বেও চাঞ্চল্যকর ওই দুর্নীতির মামলাটি প্রত্যাহারের সুপারিশের ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী আজাদী হাই বলেন, মামলাটি কোনোভাবেই রাজনৈতিক হয়রানিমূলক নয়। ন্যায়বিচারের স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, আদালত থেকেই মামলাটির ফয়সালা হওয়া উচিত। দিনাজপুর আইনজীবী সমিতির হিউম্যান রাইটস মনিটরিং সেলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সরকার বলেন, মামলাটি প্রত্যাহারের সুপারিশ আইনের শাসনের পরিপন্থী। এতে দিনাজপুরের মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।রাজনীতিক মেহেরুল ইসলাম বলেন, এর মাধ্যমে প্রমাণিত হলো বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় সঠিক নয়। অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মানে না। দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি তৈয়ব উদ্দিন চৌধুরী বলেন, মামলাটি প্রত্যাহার করা হলে দিনাজপুর পৌরসভার দুর্নীতিবাজেরা আশকারা পেয়ে যাবেন। সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম বলেন, এর ফলে দুর্নীতিবাজেরা উৎসাহ পাবেন। সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সরদার মোশাররফ হোসেন বলেন, মামলাটি তদন্ত করে দুদক অভিযোগপত্র দিয়েছে। এ ধরনের মামলা প্রত্যাহারের সুপারিশ দুর্নীতিকে সনদ দেওয়ার শামিল।