দুর্নীতির মামলাগুলো সময়মতো নিষ্পত্তির নির্দেশ রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি-সংক্রান্ত মামলাগুলো তদন্তসহ সময়মতো নিষ্পত্তি করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি ওই নির্দেশ দেন।
বৈঠককালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশে দুর্নীতি দমনে অন্যতম বাধা হলো দুর্নীতি-সংক্রান্ত মামলা এবং এসব মামলার তদন্তে বিলম্ব হওয়া। দুর্নীতি দমনের ক্ষেত্রে মানুষের আস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করতে ও কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করতে দুদকের প্রতি নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, এখানে (দুদকে) কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। আর যেন কোনো অভিযোগ না ওঠে। দুদককে তার নিজস্ব উদ্যোগে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে দুদককে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দুর্নীতিতে জড়িত তাদের সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ রাষ্ট্রপতিকে বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে দুদক শিগগিরই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের পরিকল্পনা করছে।