দুর্নীতির মামলায় বিচার শুরু, আদালতে মওদুদের অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ। ফাইল ছবি
মওদুদ আহমদ। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচার ইমরুল কায়েশ অভিযোগ গঠন করেন। আগামী ২৬ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলা বিচার কাজ শুরু হলো।

এ মামলায় মওদুদ আহমদ আদালতকে বলেন, তাঁর আশঙ্কা তিনি ন্যায়বিচার পাবেন না। এ জন্য অভিযোগ গঠন বিষয়ে শুনানি করতে চান না। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

মওদুদের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন আগেই করা ছিল। তবে বুধবার আদালতের প্রতি তাঁরা অনাস্থা জানিয়েছেন। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

২০০৭ সালের ২৩ জুলাই দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকা মূল্যের তথ্য গোপন করেন মওদুদ আহমদ। এ ছাড়া ৭ কোটি ৩৮ হাজার ২৩৭ টাকা মূল্যের সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। ওই বছরের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় দুদকের উপপরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন। ২০০৮ সালের ১৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক শরিফুর হক সিদ্দিকী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।