দুর্নীতির মামলায় মান্নান-বদির বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা পৃথক মামলায় কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তাঁর স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন দুদক।

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাধারণ নিবন্ধন শাখায় (জিআর) অভিযোগপত্র তিনটি দাখিল করা হয়।
দুদক সূত্র জানায়, অভিযোগপত্রে আবদুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার সম্পদ অর্জন ও দুদকের কাছে দেওয়া সম্পদের বিবরণীতে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করার কথা বলা হয়েছে। এ ছাড়া আবদুল মান্নান খানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৬৫ লাখ ৫৭ হাজার ৪৪২ টাকা সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৯৬ হাজার ৬১২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৩৫ লাখ ২৭ হাজার ২৯ টাকার সম্পদ অর্জন ও এক কোটি ৮৬ লাখ ৩ হাজার ৯১২ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তিনজনের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (১) ও ২৭ (২) ধারায় অভিযোগপত্র দেওয়া হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্যের সূত্র ধরে ক্ষমতাসীন দলের সাবেক তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও তিনজন সাংসদের বিরুদ্ধে গত বছরের শুরুতে অনুসন্ধান শুরু করে দুদক। এঁদের মধ্যে আবদুর রহমান, আবদুল মান্নান খান ও মাহবুবুর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।