দুর্নীতির মামলায় সাংসদ বদি কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতকে আইনজীবীরা বলেন, আসামি বদি একজন সাংসদ ও আইন মান্যকারী ব্যক্তি। এই মামলায় গত ১১ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিনের অপব্যবহার করেননি।
এই মামলায় অভিযোগ হলো, সাংসদ বদি ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। বদির আইনজীবীর দাবি, অভিযোগ সত্য নয়, এই টাকার বৈধ উৎস রয়েছে। তাঁর আইনজীবীরা যুক্তি দেখান, দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সম্প্রতি জামিন পেয়েছেন। তাই বদিও জামিন পেতে পারেন।
দুদকের আইনজীবী কবির হোসেইন জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, দুর্নীতি প্রতিরোধ আইনের মামলায় হাকিম আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই। তিনি জানান, মান্নান খানের জামিন বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে করা দুটি মামলায় চেয়ারম্যানসহ পাঁচ আসামিকে জামিন দেওয়া হলেও উচ্চ আদালত তা বাতিল করে দেন।
কবির হোসেইন বলেন, গত বছরের ২০ নভেম্বর দুদক আইনের পুনঃ তফসিল হওয়ার পর এ ধরনের মামলায় জামিন শুনানি-সংক্রান্ত এখতিয়ার মহানগর দায়রা জজ আদালতকে দেওয়া হয়েছে। তাই হাকিম আদালত জামিন দিতে পারেন না। তিনি আরও বলেন, আসামি বদির নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা ও দুদকে দাখিল করা সম্পদ বিবরণীর মধ্যে মিল নেই। দুদকের অনুসন্ধানে এই সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে বদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে বদি: সাংসদ বদি কাল সকালে আইনজীবী মাহফুজুর রহমান ও নিনা ইসলামের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগে দশম জাতীয় সংসদের নির্বাচনী হলফনামাকে ভিত্তি করে গত ২২ জানুয়ারি কমিশনের এক বৈঠকে গত সরকারের সাত মন্ত্রী-সাংসদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। আনুষ্ঠানিক অনুসন্ধান শুরুর প্রায় আট মাস পর এ বছরের ২১ আগস্ট মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী তালুকদার মাহবুবুর রহমান ও বদিকে আসামি করে তিনটি মামলা করে দুদক।
আদালত সূত্র জানা যায়, এর আগে অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী মোরশেদ খান, তাঁর স্ত্রী ও ছেলেকে জামিন দেন আদালত। এরপর ২০ আগস্ট ক্ষমতাসীন দলের সাংসদ মান্নান খান জামিন পান। তাঁদের জামিন আদেশের বিরুদ্ধে দুদক উচ্চ আদালতে জামিন বাতিলের আবেদন করেনি।
সড়কে বিক্ষোভ
টেকনাফ প্রতিনিধি জানান, সাংসদ বদির মুক্তির দাবিতে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত উখিয়া-টেকনাফ সড়কের অন্তত ২০টি স্থান অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে হইচই করে টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ করে দেন। বদির ছোট বোন নাজমা আকতারের নেতৃত্বে পাঁচ শতাধিক নারী বিক্ষোভ মিছিল করেন। এরপর টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক মিয়ার নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, বদির মুক্তির দাবিতে যাঁরা মাঠে নেমেছেন, তাঁরা সুবিধাবাদী। আন্দোলনের ব্যাপারে দলে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, দুদক অনুসন্ধান করে সাংসদ বদির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে। আদালত দুদকের সেই মামলায় তাঁকে কারাগারে পাঠিয়েছেন। এখন এর বিরোধিতা করে আন্দোলন করা আদালত অবমাননার শামিল।
তবে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বলেন, দুদক মিথ্যা মামলা দিয়ে সাংসদ বদিকে কারাগারে পাঠিয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ বলেন, সাংসদকে মুক্তি না দিলে টেকনাফ সড়ক অচল করে দেওয়া হবে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, বিক্ষোভ হলেও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটেনি। সন্ধ্যায় পুলিশি পাহারায় টেকনাফ থেকে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে একাধিক বাস ছেড়ে গেছে।