দুর্নীতির মামলার আসামি শিক্ষককে স্বপদে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় তহবিলের টাকা আত্মসাৎসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী সরকারকে স্বপদে পুনর্বহাল করেছে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ।
পরিচালনা পর্ষদের বিদায়ী সদস্যরা জানান, ২০১০ সালে আবদুল বারী সরকারকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ২০১২ সালের ২৩ জুলাই পরিচালনা পর্ষদের সভা দেখিয়ে সভাপতির স্বাক্ষর জাল করে তিনি স্কুলের নামে সোনালী ব্যাংক হাকিমপুর শাখার হিসাব থেকে ২৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। নিরীক্ষায় ধরা পড়ার পর পরিচালনা পর্ষদ তাঁর বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করে। তাঁর বিরুদ্ধে ভুয়া কার্যবিবরণী তৈরি, আয়-ব্যয়ের হিসাবে কারচুপিসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।
অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার প্রতিবাদে পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষাসচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে গত ১৪ মার্চ লিখিত অভিযোগ করেন।
পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, ২০১০ সালের ৩১ জুলাই ও ৭ আগস্ট পরিচালনা পর্ষদের দুটি সভা হলেও আবদুল বারী কার্যবিবরণী খাতায় তারিখ ঘষামাজা করে ৩১ জুলাই তারিখের সভাটি ২১ জুলাই ও ৭ আগস্ট তারিখের সভাটি ২২ জুলাই তারিখে হয়েছে মর্মে দেখিয়েছেন।
পর্ষদের সাবেক সদস্য মো. আলী খান বলেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় পর্ষদ সভা আহ্বানের জন্য প্রধান শিক্ষককে বারবার নির্দেশ দিলেও তিনি তা করেননি। এ অবস্থায় ২০১২ সালের ২৫ জুলাই পর্ষদ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি জবাব দেননি। এরপর ওই বছরের ৫ আগস্ট তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ঘটনার তিন দিন পর গত ৯ আগস্ট নতুন পর্ষদ দায়িত্ব নেয়। ইলিয়াস আলী খান সভাপতি নির্বাচিত হন। সকাল ১০টায় নতুন কমিটি দায়িত্ব নিয়ে এক ঘণ্টা পর সভা করে আবদুল বারী সরকারকে পুনর্বহাল করে।
অভিযোগ অস্বীকার করে আবদুল বারী সরকার মুঠোফোনে দাবি করেন, পরিচালনা পর্ষদ নয়, সাবেক সভাপতি ব্যক্তিগতভাবে তাঁকে বরখাস্ত করেছেন। অন্য অভিযোগগুলো সাজানো। ইলিয়াস আলী খানের দাবি, প্রধান শিক্ষককে স্বপদে ফিরিয়ে এনে তাঁরা কোনো ভুল করেননি।