দুর্নীতির মামলায় কক্সবাজারের সাবেক ডিসি কারাগারে
দুর্নীতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাবেক এই ডিসি। মুখ্য বিচারিক হাকিম মো. তৌফিক আজিজ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রুহুল আমিন বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিবের দায়িত্বে আছেন বলে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ২০ কোটি টাকা আত্মসাতের এই মামলায় এর আগে ৯ মে কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে প্রেপ্তার করে দুদক। এর আগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার (এলও) সাবেক উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার, সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলাম ও কক্সবাজার আদালতের আইনজীবী নূর মোহাম্মদ সিকদারকে গ্রেপ্তার করা হয়। তাঁরাও দুর্নীতির এই মামলার আসামি।
মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা।
দুদক সূত্র জানায়, ক্ষতিপূরণ পাওয়ার জন্য ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘেরকে তালিকাভুক্ত করে একটি চক্র। এ জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, এডিসি জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। চলতি বছরের ৩ এপ্রিল সাবেক জেলা প্রশাসকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।