দুর্নীতির মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম মনিরুল ইসলাম। তিনি বাংলাদেশ কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার সাবেক কর্মকর্তা। আজ বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গণি শুনানি শেষে এই আদেশ দেন।
গত ২৪ জুলাই নগরের কোতোয়ালি থানায় দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় মনির ও ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ অফিসার মইন উদ্দিনসহ দুজনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ১ জুন থেকে ২০১৫ সালের ১ জুন পর্যন্ত কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৩৯ জন গ্রাহকের জমা করা ২ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৫২৩ টাকা আত্মসাৎ করেন ব্যাংকের দুই কর্মকর্তা। গ্রাহকেরা টাকা জমা দিলেও এগুলো তাঁদের হিসাব নম্বরে জমা দেখাতেন না তাঁরা। ২০১৫ সালের জুন মাসে কয়েকজন গ্রাহক তাঁদের টাকা উত্তোলন করতে গেলে বিষয়টি জানাজানি হয়। ওই সময় গ্রাহকেরা ব্যাংকের সামনে বিক্ষোভও করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। এরপর তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, এই মামলায় মনিরুল হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় তিনি বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।