দুর্নীতির মামলায় খালাস সাবেক পূর্তমন্ত্রীসহ দুজন
ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পত্তি ব্যক্তির নামে অনুমোদনসংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক পূর্তমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা শেখ শহীদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত। এ মামলার অপর আসামি প্রাণ গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীকেও আদালত খালাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ এ মামলার রায় দেন।রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ এ মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে শুধু একজন সাক্ষীকে উপস্থাপন করতে সমর্থ হন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা সাজ্জাত হোসেন সাক্ষ্য দেন। এরপর আর কোনো সাক্ষী হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।গতকাল খালাস পাওয়া আসামি শেখ শহীদুল ইসলাম ও আমজাদ খান আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, রাজধানীর শান্তিনগরে ১৪৪ নম্বর হোল্ডিংয়ে তিন বিঘা ১৬ কাঠা ভূমি ও তার ওপর আধাপাকা পরিত্যক্ত সম্পত্তি বেআইনিভাবে অবমুক্ত করে প্রাণ গ্রুপের প্রপার্টি ডেভেলপার লিমিটেডকে দেন শেখ শহীদুল ইসলাম। ক্ষমতার অপব্যবহার করে এ সম্পত্তি দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ১১ ফেব্রুয়ারি রমনা থানায় এ মামলা করেন সাজ্জাদ হোসেন। দুর্নীতি দমন ব্যুরো তদন্ত করে পরের বছর ৯ এপ্রিল শেখ শহীদুল ও আমজাদ খানের বিরুদ্ধে অভিযোপত্র জমা দেয়। মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহীন আহমেদ খান।আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুস সামাদ ভূঁঞা ও রুহুল কুদ্দুস সিদ্দিকী।