দুর্নীতির মামলায় গণপূর্তমন্ত্রীকে অব্যাহতি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় অব্যাহতি পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন শুনানি শেষে এ আদেশ দেন।
নগরের ডবলমুরিং থানায় করা ওই মামলায় বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। মন্ত্রীকে অভিযোগ গঠন থেকে অব্যাহতি দেওয়া হলেও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তিনি প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের ছোট ভাই।
আদালত সূত্র জানিয়েছে, চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ১ দশমিক ৪৪ বিঘা আয়তনের একটি জমি গাড়ি পার্কিংয়ের জন্য ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ২০০০ সালে জমিটি ‘গোল্ডেন ইন’ হোটেলের নামে প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ার ও তাঁর ভাই ফখরুল আনোয়ারকে বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছিলেন তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ওই জমির মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬৯ লাখ ২০৭ টাকা। পরে লিজের শর্ত ভেঙে মেসার্স সানমার হোটেল লিমিটেড নামে ওই জমির ইজারা নিবন্ধন করা হয়। এ ক্ষেত্রে দলিলে উল্লেখ করা দামের চেয়ে সানমারের কাছ থেকে ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭৪৮ টাকা বেশি আদায় করা হয়।
জমি বরাদ্দে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০০৭ সালের ২২ নভেম্বর নগরের ডবলমুরিং থানায় মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক জাহাঙ্গীর আলম। মামলার এজাহারে বলা হয়, বিনিময়ে মন্ত্রীর নির্দেশে তাঁর স্ত্রীর একটি ব্যাংক হিসেবে ৫৫ লাখ টাকা জমা করা হয়। তদন্ত শেষে ২০০৮ সালে এই মামলায় মন্ত্রী মোশাররফ, সাংসদ রফিকুল ও তাঁর ভাই ফখরুল আনোয়ারকে আসামি করে অভিযোগপত্র দেয় দুদক। এর মধ্যে মারা যান রফিকুল।
মন্ত্রী মোশাররফ মামলাটি বাতিলের আবেদন করলে ২০১২ সালে তা বাতিল করে দেন হাইকোর্ট। পরে দুদকের করা আপিলে ২০১৬ সালে হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। এরপর মন্ত্রী গত বছরের ফেব্রুয়ারিতে এই মামলায় চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিন নেন।
আজ বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠন থেকে মন্ত্রী মোশাররফকে অব্যাহতির আবেদন করেন তাঁর আইনজীবী তানজীব উল আলম। আদালতকে বলা হয়, দুদকের তদন্তে মন্ত্রীর স্ত্রীর হিসাবে টাকা লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ আদালতকে বলেন, মন্ত্রী মোশাররফ ও ফখরুলের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করা হোক। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মন্ত্রী মোশাররফ ও ফখরুল।
একজনকে বাদ দিয়ে অভিযোগ গঠনের বিষয়ে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, এ আদেশে দুদক সন্তুষ্ট নয়।