দুর্নীতির মামলায় গ্রেপ্তার গণপূর্তের প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী এ জি এম জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। গতকাল রোববার দুপুরে রাজধানীর গ্রিন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
সূত্র জানায়, ওই প্রকৌশলীসহ পাঁচজনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০১৩ সালের ১৭ এপ্রিল গাইবান্ধা থানায় মামলা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
হাতেনাতে আটক: ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসের কর্মচারী রুহুল আমিনকে হাতেনাতে আটক করেছে দুদক। গতকাল দুপুরে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি বিশেষ দল নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করে।
সূত্র জানায়, দিলনী চিরান নামের এক ব্যক্তি নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিস বরাবর জমির নামজারি আদেশ বাতিলের জন্য একটি আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে অফিস সহকারী রুহুল আমিন ওই সেবার জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানানো হলে কমিশন সব আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে ঘুষ নেওয়ার সময় অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য নয় সদস্যের একটি বিশেষ দল গঠন করে। গতকাল বেলা একটায় ঘুষ নেওয়ার সময় হাতেনাতে রুহুল আমিনকে আটক করা হয়। ওই সময় তাঁর দেহ তল্লাশি করে তাঁর প্যান্টের পকেটে আরও ৪৯ হাজার ৩১৫ টাকা পাওয়া যায়। ওই টাকার উৎস সম্পর্কে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।