দুর্নীতির মামলায় তিন প্রকৌশলী ও নয় ঠিকাদারের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে হওয়া ১৫টি মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তিন প্রকৌশলী ও নয় ঠিকাদার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম বি এম নিজামুল হকের আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন: নির্বাহী প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সহকারী প্রকৌশলী নুরুল আমিন ভুঁইয়া ও মো. ইলিয়াস এবং ঠিকাদার মো. আমান, সালেহ জহুর, সামছুল আলম, নুরুল ইসলাম, জহিরুল হক, আলী আজগর, ইকবাল হোসেন চৌধুরী, নূর মোহাম্মদ ও খন্দকার মো. জসীম। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘জামিনের বিষয়ে দুদকের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছিলাম।’দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, নগরের অক্সিজেন মোড় থেকে কাপ্তাই পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের নামে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে নগরের কোতোয়ালি থানায় ১৫টি মামলা করে দুদক। পরে একই বছর মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নুরুল আমিন ভূঁইয়া ও মো. ইলিয়াস সত্য ও জবাবদিহি কমিশনে দুর্নীতির দায় স্বীকার করে জরিমানা দিয়ে অনুকম্পা পেয়েছিলেন। কিন্তু পরে কমিশনের কার্যক্রম উচ্চ আদালতে বাতিল হলে তাঁদের বিরুদ্ধে এই ১৫টি মামলা পুনরুজ্জীবিত হয়। এরপর চলতি বছরের ১২ এপ্রিল এই ১২ জন হাইকোর্ট থেকে দুই মাসের জামিন নেন। দুদক সূত্র আরও জানায়, ১২ জুন তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের কথা থাকলেও তাঁরা আত্মসমর্পণ না করে ১৪ জুন সময়ের আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত ১৭ জুন ওই ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।