দুর্নীতির মামলায় তিন ব্যাংক কর্মকর্তা কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক-বর্তমান তিন ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে তাঁরা চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন। পরে শুনানি শেষে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সাহাদাত হোসেন ভুঁইয়া দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন ব্যাংক কর্মকর্তা হলেন মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) বিজয় কুমার দত্ত, আগ্রাবাদ শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন ও আগ্রাবাদ শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক নন্দলাল ভট্টাচার্য।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পৌনে ৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিন ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি নগরের ডবলমুরিং থানায় মামলা হয়। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তিন ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন মার্কেন্টাইল ব্যাংক থেকে ঋণ নিয়ে পরস্পর যোগসাজশে ওই টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। মামলার বাকি দুই আসামি হলেন সানমার হোটেল লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
দুদকের আইনজীবী আরও বলেন, তিন ব্যাংক কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত গতকাল তিন ব্যাংক কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।