দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হেলাল দম্পত্তির জামিন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী রুপা চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হেলাল দম্পতির জামিন মঞ্জুর করা হয়েছে। তাঁদের আইনজীবী সাঈদ আহমেদ রাজা প্রথম আলোকে জানান, এর ফলে তাঁদের কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর দুদক রমনা থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি শেখ হেলালের ১৩ বছর ও রূপা চৌধুরীর তিন বছর কারাদণ্ড হয়। এ সময় তাঁরা পলাতক ছিলেন। ৯ মে এ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া চাঁদাবাজির অভিযোগে করা আরেকটি মামলায় গতকাল আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেখ হেলালের জামিন মঞ্জুর করেছেন একই আদালত। শেখ হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ২১ মে কাফরুল থানায় রেজা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মমতাজউদ্দিন মামলাটি করেন। এ মামলায় ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি শেখ হেলালের সাত বছর কারাদণ্ড হয়।