দুর্নীতির মামলায় পুলিশ পরিদর্শকের দুই বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের হিসেব জমা না দেওয়ার মামলায় পুলিশ পরিদর্শক পদ মর্যাদার এক কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ মঙ্গলবার এই আদেশ দেন। দণ্ডিত আসামির নাম হামিদুল হক। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধায়। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, সম্পদের হিসেব জমা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তা হামিদুল হককে নোটিশ দেয় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। নোটিশের জবাব দেওয়ার কথা ছিল ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিলের মধ্যে। কিন্তু আসামি হামিদুল হক নোটিশের কোনো জবাব দেননি। রায়ে বলা হয়, আসামি সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার বিষয়টি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ২০০১ সালের ২৬ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবু বকর সিদ্দিক তেজগাঁও থানায় হামিদুল হকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় হামিদুল হক ও তাঁর স্ত্রীর নামে-বেনামে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত হামিদুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত বছরের ২৬ মে হামিদুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।