দুর্নীতির মামলায় বিএনপি নেতা আসলামের জামিন নামঞ্জুর
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি দুর্নীতির মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এই আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, সাউথইস্ট ব্যাংক নগরের হালিশহর শাখা থেকে ঋণ নিয়ে ১৩৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ২০৮ টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সালের ২৫ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করে দুদক। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ব্যাংক থেকে এই টাকাগুলো নিয়েছিলেন। রোববার এই মামলায় আসলাম চৌধুরীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। আসলাম চৌধুরী ২০১৬ সালের ১৫ মে ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।