দুর্নীতির মামলায় বিচার শুরুর আগে গ্রেপ্তারে অনুমতি লাগবে
দুর্নীতিসংক্রান্ত ফৌজদারি অপরাধের বিচারের ক্ষেত্রে দেশের সাধারণ নাগরিকদের কাতার থেকে বের হয়ে নিজেদের আলাদা ও বিশেষ অবস্থানে রাখতে তৎপর সরকারি কর্মকর্তারা। প্রস্তাবিত ‘সরকারি কর্মচারী আইন’-এ তা ফুটে উঠেছে। এ আইনের খসড়ায় বলা হয়েছে, ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র (বিচার শুরু) গ্রহণের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তার করতে হলে সরকারের অনুমোদন লাগবে।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার বিধান রাখা হয়েছিল। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন।
বর্তমানে দুর্নীতিসংক্রান্ত মামলায় এফআইআরের (প্রাথমিক তথ্য বিবরণী) পরই যে কাউকে গ্রেপ্তার করা যায়।
বর্তমানে দুর্নীতি বা নৈতিক স্খলনজনিত অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধে এক বছরের সাজাযোগ্য অপরাধ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। প্রস্তাবিত আইনে সাজা তিন বছরের বেশি হলে চাকরিচ্যুত করার প্রস্তাব করা হয়েছে।
এ অবস্থায় আইনটি অনুমোদন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি প্রশ্রয় পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রস্তাবিত ‘সরকারি কর্মচারী আইন’ এর খসড়া সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদন নিয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব সভার জন্য পাঠানো হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত সচিব সভার বৈঠকে প্রস্তাবিত আইনটি উঠছে। আজই সচিব সভার অনুমোদন নিয়ে শিগগির এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
নতুন আইনটির বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা আশঙ্কা করছিলাম, একটি বিশেষ মহল দুদক আইনে এটি করতে না পেরে হয়তো অন্য কোনো আইন দিয়ে তা করতে চাইবে। এখন সেদিকেই যাচ্ছেন তাঁরা। আইনটি হলে দুর্নীতি প্রশ্রয় পাবে। একই ধরনের ঘটনায় বিশেষ শ্রেণির জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে না।’
ইফতেখারুজ্জামান আইনের ওই ধারার বিরোধিতা করে বলেন, ‘সরকার যে দুর্নীতিবিরোধী কথা বলে, এ উদ্যোগ তার বিপরীত অবস্থান। আমরা বলছি না সব কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করেন। কিন্তু এটি হলে যাঁরা দুর্নীতি করেন, তাঁরা লাভবান হবেন ও যাঁরা ভালো কর্মকর্তা-কর্মচারী, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।’
দুদক আইনের সংশ্লিষ্ট ধারা (৩২/ক) অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে হাইকোর্ট গত জানুয়ারি মাসে যে রায় দিয়েছিলেন তাতে বলা হয়, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুসারে আইনের দৃষ্টিতে সবাই সমান। সংবিধানের ২৬(২) অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল হবে। সংবিধানের ৭(২) অনুসারে কোনো আইন যতখানি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, ততটুকু বাতিল হবে। সংশোধিত আইনে একটি শ্রেণিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যা সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থী। ওই ধারাটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিলযোগ্য।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, আইনটির প্রাথমিক খসড়ায় বাধ্যতামূলক প্রশিক্ষণ বা পদোন্নতিজনিত পরীক্ষায় অকৃতকার্য হলে কর্মাবসান হওয়ার বিধান রাখা হয়েছিল। চূড়ান্ত খসড়ায় এ বিষয়টি বাদ দেওয়া হয়েছে। নতুন আইনে প্রশিক্ষণ বা পদোন্নতিজনিত পরীক্ষায় কৃতকার্য না হলে কর্মচারীর মানোন্নয়ন, পদোন্নতি বা ক্ষেত্রমতো চাকরি নিয়মিতকরণ হবে না বলে উল্লেখ করা হয়েছে।
আউটসোর্সিংয়ের (বাইরে থেকে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পদে লোক নিয়োগ) নিয়োগের বিধানও বাদ দেওয়া হয়েছে চূড়ান্ত খসড়ায়।
বর্তমানে ২৫ বছর চাকরি হলে বাধ্যতামূলক অবসর দেওয়ার একটি বিধান আছে। প্রস্তাবিত আইনে সরাসরি এ বিষয়টি না রেখে বলা হয়েছে, অবসরের সাধারণ বয়স আইন বা বিধি দ্বারা নির্ধারিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীদের নিয়োগ, কর্মসম্পাদন ও আনুষঙ্গিক বিষয়ে আইন প্রণয়নের আবশ্যকতা আছে। তবে স্বাধীনতার পর এ ধরনের কোনো আইন হয়নি। গত মহাজোট সরকারের সময়ে এ বিষয়ে একটি আইন করার উদ্যোগ ছিল। প্রথমে ‘সিভিল সার্ভিস আইন’ করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সরকারের শেষ সময়ে সেখান থেকে সরে এসে প্রজাতন্ত্রের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘সরকারি কর্মচারী আইন’ করার উদ্যোগ নেয়। কিন্তু সেটি করার আগেই সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এপ্রিল মাসে সচিব সভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনটি দ্রুত করার নির্দেশ দেন। এরপর এ বিষয়টি গতি পায়।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারি কর্মচারীদের কাজের গতি বৃদ্ধি ও স্বচ্ছতা আনার জন্যই আইনটি করা হচ্ছে। আইনের খসড়ায় অভিযোগপত্র গ্রহণের আগে গ্রেপ্তারে সরকারের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি-কর্মচারীরা আইনকানুন মেনে দায়িত্ব পালন করে থাকেন, সে ক্ষেত্রে তাঁদের জন্য কিছু সুরক্ষা থাকা উচিত। কারণ, হয়রানির জন্যও কেউ সাজানো মামলা করতে পারে।
আজ রোববার সভায় আইনের খসড়াটি উঠবে বলে জানান জনপ্রশাসনসচিব। সচিব সভার অনুমোদন শেষে খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
নতুন আইনের খসড়ায় বলা হয়, দুর্নীতি বা নৈতিক স্খলনজনিত অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধে কোনো কর্মচারী তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হলে তাঁকে চাকরিতে বহাল রাখার বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে তিন বছরের বেশি দণ্ড বা দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত যেকোনো দণ্ডের ক্ষেত্রে কর্মচারী চূড়ান্তভাবে বরখাস্ত হবেন।
বর্তমানে এক বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ অথবা ১০ হাজার টাকার বেশি জরিমানাযোগ্য অপরাধে দোষী প্রমাণিত হলেই চাকরি চলে যায়।
খসড়ায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য একটি স্থায়ী বেতন কমিশন থাকবে। এ কমিশন প্রতিবছর বাজারমূল্যের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি সমন্বয় করবে এবং বাস্তবায়নের সুপারিশ করবে এবং সরকার কমিশনের সুপারিশ আমলে নেবে।
জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সম্প্রতি প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য একটি সমন্বিত আইন থাকা উচিত। কিন্তু খসড়ায় যেসব বিষয় রাখা হয়েছে তাতে যে উদ্দেশ্যে আইনটি করা হচ্ছে সেই উদ্দেশ্যে সফল হবে বলে মনে হয় না।