দুর্নীতির মামলায় মঞ্জু ও নাছিরের সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুটি দুর্নীতির মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং চারদলীয় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আপিল মঞ্জুর করে এ রায় দেন।এ নিয়ে গত ১২ দিনের ব্যবধানে পৃথক দুর্নীতির মামলায় উচ্চ আদালতের রায়ে ১০ জনের সাজা বাতিল হয়েছে। এর আগে গত বছর ১৩ জুলাই আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীরের সাজার রায় বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায় গত ৪ জুলাই বহাল রাখেন আপিল বিভাগ। এরপর ২৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাজার রায় বাতিল হয়। পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সাবেক বিদ্যুৎসচিব আ ন হ আখতার হোসেন, দুই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরের ছেলে মীর হেলাল, ফয়সাল মোরশেদ এবং বিএনপির সাবেক সাংসদ আলী আজগর লবির সাজার রায় বাতিল হয়। জানা যায়, ২০০৭ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মামলা করে। ২০০৮ সালের ২৬ আগস্ট বিচারিক আদালতের রায়ে তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। গতকাল সম্পত্তি বাজেয়াপ্ত করে বিচারিক আদালতের দেওয়া রায়ও বাতিল ঘোষণা করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে মঞ্জু হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আর মীর নাছিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় দুদক মামলা করে। নিম্ন আদালত ওই বছরের ৪ জুলাই তাঁকে ১৩ বছরের সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে আদালত আজ তা মঞ্জুর করেন।আদালতে তাঁদের পক্ষে আইনজীবী আহসানুল করিম এবং দুদকের পক্ষে এ কে এম ফজলুল হক মামলা পরিচালনা করেন। পরে আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক নীলনকশা বাস্তবায়নের জন্য মামলা করা হয়। দুর্নীতিকে সমর্থন করার মতো পারিবারিক কাঠামো থেকে আমি আসিনি।’মিলনের কারাগার পরিবর্তন: সংশ্লিষ্ট আদালতের অনুমতি ও স্বাস্থ্যগত কারণ (মেডিকেল গ্রাউন্ড) ছাড়া বিএনপির নেতা সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ক্ষেত্রে কারাগার পরিবর্তন না করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে কারাগার পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কুমিল্লার কারা তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে মিলনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী কামরুল ইসলাম সজল। উল্লেখ্য, মিলন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। বিভিন্ন সময় তাঁর কারাগার পরিবর্তন করা হয়। আবারও তাঁর ক্ষেত্রে কারাগার পরিবর্তন করা হতে পারে—এমন হয়রানির আশঙ্কা থেকে মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবি রিটটি করেন।