দুর্নীতির মামলায় মহিউদ্দিনের জামিন
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মহিউদ্দিনের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের মুরাদপুর বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত দোকান দরপত্র আহ্বান না করে বরাদ্দের অভিযোগে মহিউদ্দিন চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে ২০০২ সালের ১৩ অক্টোবর মামলা করা হয়। তত্কালীন দুদকের কর্মকর্তা শামসুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি উচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল। সম্প্রতি উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় এবং মহিউদ্দিনের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।