দুর্নীতির মামলায় মহিউদ্দিনের জামিন মঞ্জুর
চট্টগ্রাম সিটি করপোরেশনের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আগামী ৪ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, উচ্চ আদালতে রিট পিটিশনের কারণে মামলার কার্যক্রম স্থগিত ছিল। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনেও ছিলেন মহিউদ্দিন চৌধুরী। সম্প্রতি স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় ধার্য দিনে হাজির হয়ে জামিন নিয়েছেন তিনি।
মহিউদ্দিনের আইনজীবী রনি দে বলেন, আগামী ধার্য তারিখ পর্যন্ত আদালত মহিউদ্দিনের জামিন মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের উদ্যোগে নগরের মুরাদপুরে বাসস্ট্যান্ড নির্মাণকালে যাত্রীছাউনির নিচে ২৪টি দোকান ১৯৯৭ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ ওঠে, দোকানগুলো কোনো রকমের দরপত্র ছাড়াই মহিউদ্দিন মনগড়াভাবে বরাদ্দ দেন। ২০০২ সালের ১৩ অক্টোবর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক শামসুল আলম বাদী হয়ে মহিউদ্দিন চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পরিদর্শক জাহাঙ্গীর আলম মহিউদ্দিন চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে মামলা দায়েরের পর মহিউদ্দিন চৌধুরী উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন আদালত। ২০১২ সালের ৬ ডিসেম্বর রিট পিটিশন-সংক্রান্ত রুল খারিজ করে দিয়ে মামলার কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন উচ্চ আদালত। এ সংক্রান্ত চিঠি ২০১৩ সালের ১৩ এপ্রিল দুদকে এসে পৌঁছায়।
শুনানিকালে মহিউদ্দিনের আইনজীবী আদালতকে জানান, মহিউদ্দিন দোকান বরাদ্দে কোনো অনিয়ম কিংবা দুর্নীতি করেননি। তাঁর জামিন মঞ্জুর করা হোক। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে এ মামলা করে।