দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত চট্টগ্রামের সাবেক পোস্টমাস্টার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এক পোস্টমাস্টারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ইব্রাহীম খলিল নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ডাকঘরের পোস্টমাস্টার ছিলেন। গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রাহকের স্থায়ী আমানতের (এফডিআর) ২১ লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের দায়ে দুর্নীতির পৃথক তিন মামলায় গত ১৫ সেপ্টেম্বর ইব্রাহীম খলিলকে ১৮ বছরের কারাদণ্ড দেন আদালত। আসামি এত দিন পলাতক ছিলেন।

দুদকের আইনজীবী বলেন, উত্তর কাট্টলী ডাকঘরের পোস্টমাস্টার থাকাকালে ইব্রাহীম খলিল ২০০৯-১০ অর্থবছরে গ্রাহক নীপা দত্ত, মিনা আক্তার ও রোকেয়া আক্তারের ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন। তিনি গ্রাহকের কাছ থেকে টাকা নিলে তাঁদের সঞ্চয় হিসাব নম্বরে জমা দেননি। এভাবে গ্রাহক ঝুমকা সিংহ, সোমা দে, শিমুল দে, আছিয়া আক্তার, পান্না লাল ও আবদুস সালামের ৬ লাখ ৭৪ হাজার টাকা এবং মিতা দত্ত, পেয়ারা বেগম, ভূপেন কান্তি দাশ, ইজাজুল করিমের ৯ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন। এসব ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের উপসহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে ইব্রাহীম খলিলকে আসামি করে ২০১২ সালের ৩১ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানায় পৃথক তিনটি মামলা করেন।

দুদক আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী আরও বলেন, আদালত প্রত্যেক মামলায় আসামিকে পৃথক দুটি ধারায় তিন বছর করে ছয় বছর কারাদণ্ড দেন। সেই হিসাবে তিন মামলায় আসামিকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।