দুর্নীতির মামলায় সাবেক ১০ শুল্ক কর্মকর্তার জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে গার্মেন্ট পণ্য আমদানি ও দুর্নীতির মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগে করা মামলায় সাবেক ১০ জন শুল্ক কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার ১০ জন আসামি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিরা হলেন: ঢাকা কাস্টম হাউসের সাবেক পরিদর্শক আবদুল আলী, সাবেক সুপারিনটেনডেন্ট নুরুল আমিন, জাফর উল্লাহ, হাবিব উল্লাহ বাহার, প্রীতি রানী চাকমা, আবদুল জলিল, নুরুল কামাল চৌধুরী, সৈয়দ সিদ্দিকুর রহমান, আবুল কাশেম খান ও মো. শাহজাহান।২০০১ সালের ১৯ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিচালক আমিরুল ইসলাম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। মামলায় বিদেশ থেকে আমদানি করা শুল্কমুক্ত কাপড় দিয়ে পোশাক তৈরি না করে তা বিক্রি করে ১৫ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৫৬৮ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ আনা হয়। আসামিদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাৎ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়।গত বছরের ২২ মে দুদকের সহকারী পরিচালক আবুবকর সিদ্দিক ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ১৫ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তাঁদের মধ্যে ১০ জন গতকাল আদালতে আত্মসমর্পণ করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৪ সালের ১০ নভেম্বর থেকে ১৯৯৬ সালের ৭ এপ্রিল পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে অস্তিত্বহীন মেসার্স আর্ট গার্মেন্টসের নামে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে শুল্কমুক্ত কাপড় আমদানি করেন। আসামিরা আমদানি করা কাপড় দিয়ে পোশাক তৈরি না করে তা বিক্রি করে রাজম্ব ফাঁকি দেন। তাতে আরও বলা হয়, আসামিরা শুল্ক বিভাগের গুরুত্বপূর্ণ পদে থাকার পরও অস্থিত্বহীন একটি প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস সনদ নবায়ন ও প্রতিবেদন দেন।গতকাল আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। আসামিদের পূর্ববর্তী কর্মকর্তারা বন্ডেড ওয়্যারহাউস সনদ দিয়েছেন। আজকের আসামিরা তা সংশোধন করে প্রতিবেদন দিয়েছেন। তাই আসামিরা জামিন পেতে পারেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।