দুর্নীতির মামলায় স্থায়ী জামিন পেলেন মেয়র মনিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন-সংক্রান্ত দুর্নীতির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কু। গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা তাঁর জামিন মঞ্জুর করেন।
একই সঙ্গে আগামী ১২ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। এ ছাড়া মামলাটি বিশেষ জজ ৮ নম্বর আদালতে বদলি করা হয়েছে। গতকাল জামিনের মেয়াদ শেষ হওয়ায় মনিরুল তাঁর আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। মেয়র দুপুরেই প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে মেয়র মনিরুল হক গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আগেও এ মামলায় আমার স্থায়ী জামিন ছিল। আমার আইনজীবী ওই সময়ে নথিপত্র আদালতে উপস্থাপন না করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এখন আবার স্থায়ী জামিন দেওয়া হলো।’