সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং আশরাফুল ইসলামের বিরুদ্ধে করা দুর্নীতির পাঁচটি মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম ফেরদৌস আরা এ আদেশ দেন।জাতীয় সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলাম বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত।বিদেশে চিকিৎসার্থে অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন করে আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাবপত্র আত্মসাৎ এবং গ্যাস-বিদ্যুতের বিল বাবদ অতিরিক্ত অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগে গত মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় দুদক এসব মামলা দায়ের করেছে। এর মধ্যে বর্তমানে বিএনপির সাংসদ জমির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে পাঁচটি। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি, আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে একটি এবং আশরাফুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গতকাল থানা থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার এজাহার পাঠানো হলে আদালত তা গ্রহণ করে দুদককে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।