‘সরকারের সর্বোচ্চ মহলের দুর্নীতি এবং এর সঙ্গে বিমানের সর্বোচ্চ মহলের সংশ্লিষ্টতা বিমানের মোরালিটিকে ধ্বংস করে দেয়। অন্যায় সর্বনাশা ক্যানসারের মতো বিমানের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।’বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে এ মন্তব্য করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির তদন্ত প্রতিবেদনে। এতে বিমানের দুর্বৃত্তায়নের জন্য সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারসহ চারদলীয় জোট সরকারের বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে দায়ী করা হয়েছে।বাংলাদেশ বিমানের দুর্নীতি খতিয়ে দেখতে গঠিত সংসদীয় উপকমিটির তদন্ত প্রতিবেদন গত মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে জমা দেওয়া হয়।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রতিবেদনে চিহ্নিত দুর্নীতি-অনিয়মগুলোর ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে দেখতে বলা হবে।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘সংসদীয় কমিটি বিমান ক্রয় ও ভাড়া নেওয়ার সমস্ত ঘটনা দুদক কর্তৃক পৌনঃপৌনিক তদন্ত ও কঠোর শাস্তি বিধানের সুপারিশ করেছে।’কমিটি সূত্র জানায়, বর্তমান সরকারের সময়ের কোনো কর্মকাণ্ড তদন্তের আওতাভুক্ত ছিল না। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৮ বছরে বিমানের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তের কথা বলা হলেও প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) সময়ের কোনো তথ্য নেই।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘বিমানের মতামত অমান্য/ উপেক্ষা করে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে ব্যাংক থেকে উচ্চহারে সুদসহ ঋণ নিয়ে উড়োজাহাজ সংগ্রহে বাধ্য করা হয়। ফলস্বরূপ বিমানকে একদিকে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। আর সুদ-আসলের অর্থ বিমান থেকে পরিশোধের ফলে প্রকৃত লাভের মুখ দেখা মরীচিকায় পরিণত হয়।’তবে দুর্নীতির ফলে আর্থিক ক্ষতির কোনো হিসাব প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ ছাড়া তদন্ত প্রতিবেদনে যেসব অনিয়ম-দুর্নীতির কথা বলা হয়েছে, তাঁর প্রায় সব তথ্যই প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে।জানতে চাইলে বিমানমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে জানান, সংসদীয় উপকমিটির প্রতিবেদনটি তিনি চেয়েছেন। কিন্তু তাঁকে তা দেওয়া হয়নি।