দুর্নীতির সূত্র খুঁজতে এবার ১৫ সংস্থায় দুদকের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ ১৫টি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ ও দমনে আবারও ১৪টি প্রাতিষ্ঠানিক দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার আট পরিচালক দলগুলোর নেতৃত্ব দেবেন।

দুদকের বিশেষ অনুসন্ধান বিভাগের মহাপরিচালকের তত্ত্বাবধানে এসব দল কাজ করলেও সংস্থার মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী এসব দলের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে। গঠিত তিন সদস্যের ওই সব দলে একজন করে উপপরিচালক ও সহকারী পরিচালক রয়েছেন।

প্রতিষ্ঠানগুলো হলো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, আয়কর বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), ঢাকা ওয়াসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ঢাকা মহানগরের সব সাব-রেজিস্ট্রি অফিস। প্রাতিষ্ঠানিক দল গঠনের বিষয়টি নিশ্চিত করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার এ-সংক্রান্ত অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে দলগুলোর কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক দলগুলো সরকারি এসব প্রতিষ্ঠানের আইন, বিধিবিধান পর্যালোচনা করে দুর্নীতি দমন ও প্রতিরোধে সুপারিশ করবে।

চেয়ারম্যান বলেন, ‘কমিশনের লক্ষ্য দুর্নীতির সূত্র খুঁজে বের করা। কিছু প্রতিষ্ঠানকে মানুষ কেন দুর্নীতিপ্রবণ হিসেবে মনে করে, তা খুঁজে দেখতে চাই। নিয়মনীতি বা প্রক্রিয়ার দুর্বলতার কারণে দুর্নীতি হচ্ছে কি না, সেটাও খুঁজে দেখা হবে। পাশাপাশি দুর্নীতির তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

দুদক সূত্র জানায়, প্রাতিষ্ঠানিক দলগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন, বিধি, পরিচালনাপদ্ধতি এবং ওই সব প্রতিষ্ঠানে সরকারি অর্থ অপচয়ের দিকগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে। পাশাপাশি তাদের ইতিবাচক ও নেতিবাচক দিক, নাগরিক সেবায় সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা, সেবাগ্রহীতাদের হয়রানি, দুর্নীতির কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। সার্বিক বিশ্লেষণসহ প্রতিবেদন ও সুপারিশ ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দেবে দলগুলো। পাশাপাশি ওই সব প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া গেলে সেগুলো আলাদাভাবে অনুসন্ধান করা হবে।