দুর্নীতির 'দ' আমাকে স্পর্শ করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সিপিডি (সেন্টার ফর পলিসি ডায়ালগ) দুর্নীতি ছাড়া কিছু দেখে না। আমি তাদের বললাম, আমার দুই উপজেলায় কাবিখা, টিআর নিয়ে দুর্নীতি নেই। আমি সৎমানুষ। জীবনে এই পর্যন্ত এসেছি, দুর্নীতির ‘দ’ আমাকে স্পর্শ করেনি। কখনো করবেও না।’
কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) ড. আখতার হামিদ খান মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কুমিল্লা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দীর্ঘদিন পর ২০০৯ সালে উপজেলা পরিষদের যাত্রা শুরু হয়। সাত বছরে সব পেয়ে যাবেন—এটা হয় না। ধীরে ধীরে আপনাদের দাবি পূরণ করা হবে। সরকারের এজেন্ট হয়ে কাজ করুন আপনারা।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে সমন্বয় থাকতে হবে। ভাইস চেয়ারম্যানদের একটু একটু করে কাজ দেন, তাহলেই তো হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটু একটু করে কাজ দিচ্ছেন। আলাদা মন্ত্রণালয় গঠন করে মন্ত্রী বানিয়েছেন। চাইলে তিনিও একলা চালাতে পারতেন। কিন্তু আমরা সবাই তাঁর কাজ করে দিচ্ছি। আপনারাও সেভাবে কাজ ভাগ করে দেন।’