দুর্নীতির 'দ' আমাকে স্পর্শ করেনি : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সিপিডি (সেন্টার ফর পলিসি ডায়ালগ) দুর্নীতি ছাড়া কিছু দেখে না। আমি তাদের বললাম, আমার দুই উপজেলায় কাবিখা, টিআর নিয়ে দুর্নীতি নেই। আমি সৎ মানুষ। জীবনে এই পর্যন্ত এসেছি, দুর্নীতির ‘দ’ আমাকে স্পর্শ করেনি। কখনো করবে না। আপনারা আমাকে অনুসরণ করেন।’
আজ শনিবার বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কুমিল্লা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। বেলা ১১টার দিকে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ড. আখতার হামিদ খান মিলনায়তনে ওই সম্মেলন হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক সরকার ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান।
সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন পর ২০০৯ সালে উপজেলা পরিষদের যাত্রা শুরু হয়। সাত বছরে সব পেয়ে যাবেন—এটা হয় না। এত তাড়াতাড়ি হইচই লাগাই দিয়েছেন কেন? ধীরে ধীরে আপনাদের দাবিদাওয়া পূরণ হবে। আপনারা সরকারের এজেন্ট হয়ে কাজ করুন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে সমন্বয় থাকতে হবে। ভাইস চেয়ারম্যানদের একটু একটু করে কাজ দেন, তাহলেই তো হয়।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের একটু একটু করে কাজ দিচ্ছেন। আলাদা মন্ত্রণালয় গঠন করে মন্ত্রী বানিয়েছেন। চাইলে তিনি একলাও চালাতে পারতেন। কিন্তু আমরা সবাই তাঁর কাজ করে দিচ্ছি। আপনারাও সেভাবে কাজ ভাগ করে দেন।’
সম্মেলনে বৃহত্তর কুমিল্লার ৩৩টি উপজেলার ৪৭ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।