দুর্নীতি-অনিয়মের পাহাড়, কোনো ব্যবস্থা নেই
বরিশাল, ঠাকুরগাঁও, বাগেরহাট ও ভোলা—এই চার জেলার ১০টি উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ঋণ জালিয়াতি, দুর্নীতি ও অনিয়মের অসংখ্য প্রমাণ মিলেছে। এসব উপজেলায় ঋণগ্রহীতা অনেকেরই নাম-ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রথম আলোর অনুসন্ধান ও নিরীক্ষা প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকটি কার্যালয়ে সংরক্ষিত হিসাবের সঙ্গে ব্যাংক বিবরণীর মিল নেই। অনুমোদনহীন ঋণ বিতরণ হয়েছে সবগুলো কার্যালয়ে। কয়েকটি কার্যালয়ে তহবিল ঘাটতি রয়েছে। কয়েকটি কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা বন্ধ রেখেছে পিডিবিএফ। বাগেরহাট সদরসহ বেশ কয়েকটি উপজেলায় চার থেকে সাত বছর পর্যন্ত নিরীক্ষা হয় না।
জানতে চাইলে বাগেরহাট সদরের উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এস এম এ লতিফ স্বীকার করেন, ২০০৯ সালে তিনি যোগ দেওয়ার পর নিরীক্ষা হয়নি।
পিডিবিএফের সূত্রমতে, বাগেরহাট সদর, বরিশাল সদর ও উজিরপুর এবং ভোলার দৌলতখান—এই চারটি কার্যালয়ে এক কোটি ১৭ লাখ টাকার তহবিল ঘাটতি রয়েছে। বাগেরহাটে একটি সমিতির ২২৫ জন সদস্যকে ৮৬ লাখ টাকা এবং একই জেলার মঠবাড়িয়া উপজেলার পাটাকাটা পুরুষ সমিতিতে ১২৫ জনকে ৪৯ লাখ টাকা ঋণ দেওয়া হলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া দৌলতখানে ৩৩৫ জনকে ৩২ লাখ টাকা, মনপুরায় ১৩৭ জনকে ১৪ লাখ টাকা, লালমোহনে ৩৭ জনকে আট লাখ টাকা ঋণ দেওয়া হলেও গ্রহীতারা সবাই ভুয়া।
ভুয়া ঋণের ছড়াছড়ি: অনুসন্ধানে দেখা গেছে, বরিশাল সদর কার্যালয়ে পাওনা, খেলাপি ও মেয়াদোত্তীর্ণ—সব ঋণই বেড়েছে। সদর কার্যালয়ে আড়াই হাজারেরও বেশি পাসবইর স্থিতির সঙ্গে আদায়শিটের স্থিতির মিল নেই। দরিদ্র ব্যক্তিদের সঞ্চয়ের টাকা হাতে রেখেছেন মাঠকর্মীদের অনেকেই।
ঋণ বিতরণের পাশাপাশি পিডিবিএফ দরিদ্র মানুষের সঞ্চয় জমা রাখে। বতর্মান ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান গরিব মানুষের সঞ্চয়ের ওপর সুদের হার ৬ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছেন।
গত এপ্রিলে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা দল সদর কার্যালয় পরিদর্শনের পর মন্তব্য করেছে, বেশির ভাগ খেলাপি ঋণ স্বাভাবিক বা আইনি প্রক্রিয়ায় আদায়ের সুযোগ নেই। প্রকৃত সদস্যদের ঋণ না দেওয়ায় খেলাপি টাকা আদায় করা এক প্রকার অসম্ভব।
সদর কার্যালয়ের একাধিক সূত্র জানায়, সেখানে ৮৭ হাজার টাকা ঋণ নিয়ে এক কাঠ ব্যবসায়ী এবং এক লাখ টাকা ঋণ নিয়ে মুদি দোকানদার পালিয়েছেন। কাউনিয়া জবা সমিতির রীতা দুটি সমিতি থেকে সাতটি নামে প্রায় ৭০ হাজার টাকা, কাউনিয়া সোনালী মহিলা সমিতির হালিমা দুটি সমিতির ১১ জনের নামে ২১ লাখ টাকা এবং ভাটিখানা সমিতির শেফালী বেগম ১১ নামে এক লাখ ১৫ হাজার টাকা নিয়েছেন।
এ ছাড়া দক্ষিণ ইছাকাঠী সমিতির ১১ সদস্যের দুই লাখ ৬৮ হাজার, সাগরদি বৈশাখীর ১৪ সদস্যের এক লাখ সাত হাজার ও পশ্চিম কাউনিয়া দিগন্ত সমিতির ১৬ জন সদস্যের নামে দেড় লাখ টাকা এক হাতে পড়েছে। জবা সমিতির হাসিনা বেগম ৩০ জনের নামে ঋণ নিয়ে তিন লাখ ৭৬ হাজার টাকা খেলাপি হয়েছেন। ওই কার্যালয়ের মাঠ কর্মকর্তা জামাল হোসেন এক সদস্যের নামে সমিতির ৭৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
বরিশাল সদরের দক্ষিণ চহুদপুর সমিতি ৫৭ জনকে প্রায় ১২ লাখ টাকা ঋণ দিলেও কেউই ওই এলাকার বাসিন্দা নন। অথচ নীতিমালা অনুযায়ী ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হওয়া।
জানতে চাইলে বরিশাল বিভাগের উপপরিচালক তাছলিমা বেগম প্রথম আলোকে বলেন, কিছুসংখ্যক সদস্য বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করে এত বেশি চালাক হয়েছেন যে মাঠকর্মীরা অনেক সময় তাঁদের সামাল দিতে পারছেন না।
বরিশাল সদরে সদস্যদের ৪৩ শতাংশ বই নিরীক্ষা দলের কাছে হাজির করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০১১ সালের তুলনায় ২০১৪ সালে সেখানে কিস্তি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ বেড়েছে প্রায় ২৫ লাখ টাকা।
ব্যাংকে টাকা জমা হয়নি: ঠাকুরগাঁও সদরে ক্যাশবই ও রেওয়ামিলে যে ব্যাংক স্থিতি দেখানো হয়েছে, স্থানীয় ব্যাংকের শাখায় সেই পরিমাণ টাকা জমা নেই। সেখানকার দুই কর্মকর্তা রফিকুল ইসলাম ও আবু সাঈদ আট লাখ টাকার বেশি আত্মসাৎ করেছেন। ওই কার্যালয়ে পাঁচ হাজার ১৪৯ জন সদস্যের মধ্যে এক হাজার ৪২০ জনের পাসবই নেই। সঞ্চয় প্রকল্পের অবস্থাও ভালো নয়।
ঋণ বিতরণ বাড়ছে, পাচ্ছে কারা: বরিশালের বানারীপাড়ায় বড় ঝুঁকি তৈরি করেছে এক হাতে একাধিক ব্যক্তির ঋণ দেওয়ার ঘটনা। ৯৫ জন ভুয়া সদস্যের কাছে ঋণের পরিমাণই ২০ লাখ ৫০ হাজার টাকা। এখন অর্ধেক সদস্য কিস্তি না দিলেও বিতরণ দেখিয়ে ঋণ আদায়ের হার ধরে রাখা হচ্ছে।
সম্প্রতি নিরীক্ষার খবর জানতে পেরে প্রায় ৩০০ পাস বই পরিবর্তন করেছেন ছয় মাঠ কর্মকর্তা। অনেকে ভয়ে হাতে জমা রাখা টাকা হিসাব শাখায় জমা দিয়েছেন। ওই কার্যালয়ে গ্রাহকদের এক হাজার সঞ্চয়ী হিসাবের মধ্যে ৩৩১টি পাসবই নিখোঁজ রয়েছে।
পিডিবিএফের যুগ্ম পরিচালক সগীর হোসেন বলেন, কয়েকটি কার্যালয় খারাপ করলেও অনেকগুলো ভালো করেছে।
বিজ্ঞাপন ছাড়াই ৪০০ নিয়োগ: ফাউন্ডেশনের সৌরশক্তি প্রকল্পে কাজ করছেন প্রায় চার শ কর্মী। এঁদের নিয়োগে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক আনোয়ারুজ্জামান বলেন, এসব কর্মীর যোগ্যতা ও বেতন কম বলে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
মূল প্রতিষ্ঠান পিডিবিএফের নিয়োগ প্রক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই নিয়মনীতি ও শর্ত মানা হয় না। গত অক্টোবরে পাঁচ ক্যাটাগরিতে ৪৮টি পদে নিয়োগ দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। একটি পদও পিডিবিএফ প্রবিধানে উল্লেখ নেই।
এ প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, কোথাও কোথাও কিছু ব্যতিক্রম হতে পারে। কিন্তু বড় ধরনের অনিয়ম হয়নি।
পদোন্নতিতে অনিয়ম: ফাউন্ডেশনের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, পক্ষ ভারী করতেই ব্যবস্থাপনা পরিচালক অষ্টম ও নবম শ্রেণির অন্তত ছয়জন কর্মকর্তাকে কয়েক ধাপ ডিঙিয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ধাপে দায়িত্ব দিয়েছেন। এর ফলে মাঝখানে বিভিন্ন ধাপে কর্মরত অন্তত ৩৫ জন কর্মকর্তা বঞ্চিত হয়েছেন।
ফাউন্ডেশনের নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে আলোচিত কর্মকর্তা সুফিয়া বেগম, যিনি মানবসম্পদ বিভাগের যুগ্ম পরিচালক। পিডিবিএফের এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাঁর অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। ফাউন্ডেশনের প্রবিধানমালা অনুযায়ী উচ্চতর পদে চুক্তিভিত্তিক নিয়োগেরই সুযোগ নেই।
এ প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রবিধানে না থাকলেও দক্ষ কর্মকর্তা হওয়ায় বোর্ড তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ অনুমোদন করেছে।
ব্যবস্থাপনা পরিচালকের হাতে থাকা চারটি গুরুত্বপূর্ণ পদের বাইরে অর্থ পরিচালকের একটি পদ রয়েছে। সেখানে একজন অতিরিক্ত পরিচালক থাকলেও প্রকৃতপক্ষে তাঁর কোনো দায়িত্ব নেই। অতিরিক্ত পরিচালকের ১০টি পদের ছয়টিই ভারপ্রাপ্ত। তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই বিভাগীয় মামলা ঠুকে তাঁকে কর্মহীন করে রাখা হয়েছে।
এক কর্মকর্তার পরিণতি: মানবসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক খাদেমুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়। এর বছর খানেকের মধ্যে ২০১১ সালের ৪ ডিসেম্বর তিনি মারা যান। ওই কর্মকর্তাকে তাঁর প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়নি। তাঁর স্ত্রী রাজধানীর একটি বড় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি বলেন, ওই প্রতিষ্ঠান থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।
পথের কাঁটা সরাতেই ব্যবস্থাপনা পরিচালক ওই কর্মকর্তাকে সরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক বলেন, কম্পিউটারে প্রতিষ্ঠানবিরোধী চিঠি পাওয়ার পর তদন্তসাপেক্ষে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল।
শীর্ষ কর্তার প্রশ্নবিদ্ধ নিয়োগ: মাহবুবুর রহমান ২০০৯ সালের ৪ জুন থেকে চার বছর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। গত বছরের ১৩ মে তিনি কৌশলে ব্যবস্থাপনা পরিচালক হন। নিয়োগ কমিটির কাছে তিনটি আবেদন উপস্থাপনের আয়োজন করেন। একটি পিডিবিএফের যুগ্ম পরিচালক সগির হোসেনের, যাঁর বয়স ৫৮ হওয়ায় আবেদনের যোগ্যতা নেই। আরেকটি আবেদন ছিল একটি বেসরকারি সংস্থার একজন কর্মকর্তার, যিনি ব্যবস্থাপনা পরিচালকের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই দুটি দুর্বল আবেদন হাজির করে ব্যবস্থাপনা পরিচালক হন মাহবুবুর রহমান।
আবেদনকারীদের একজন ছিলেন মো. তাজুল ইসলাম, যিনি ব্র্যাক ও আশায় দায়িত্বপূর্ণ পদে এবং পিডিবিএফেও একসময় কর্মরত ছিলেন। তাঁকেও সাক্ষাৎকারে ডাকা হয়নি।
পিডিবিএফের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার বলেন, অনেক দিন ধরে প্রতিষ্ঠানটি ঘিরে অনিয়ম পুঞ্জীভূত হয়েছে। এগুলো দূর করার সাধ্যমতো চেষ্টা করবেন তিনি।