দুর্নীতি-চোরাচালানি ঠেকাতে পারলে ৮ শতাংশ প্রবৃদ্ধি
দুর্নীতি ও চোরাচালানি ঠেকাতে পারলে দুই-তিন বছরের মধ্যে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে রাজস্ব বোর্ডের চট্টগ্রামের আঞ্চলিক দপ্তরগুলো এই সভার আয়োজন করে। কাস্টম হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার হোসেন আহমদ।
সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ এম এ লতিফ, রাজস্ব বোর্ডের সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বক্তব্য দেন। সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া। এবারের কাস্টম দিবসের স্লোগান হচ্ছে ‘ডিজিটাল কাস্টমস-ক্রমবর্ধমান সংযোগ’।
অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেন, বৈধ পথের বাণিজ্যে বিধিনিষেধ থাকলে অবৈধ বাণিজ্যের জন্ম হয়। আমদানি-রপ্তানি পণ্যের অতিরিক্ত বা কম দাম দেখানোসহ নানা পন্থায় বৈধ পথেই বড় ধরনের চোরাচালানি হয়। আর অবৈধ বাণিজ্যের পরিমাণ বৈধ পথে বাণিজ্যের দামের কাছাকাছি। অর্থাৎ অবৈধ বাণিজ্য বৈধ বাণিজ্যের সমান্তরাল অর্থনীতি সৃষ্টি করেছে। এটি আস্তে আস্তে অর্থনীতির দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সভায় মেয়র নাছির উদ্দীন বলেন, ‘এখন আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে আছি। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, তাতে ২০২১ সালের আগেই উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব। দেশপ্রেম থাকলে, দেশের জন্য কাজ করলে অনিয়ম, দুঃশাসন ও দুর্নীতি নির্মূল হয়ে যাবে।’
সাংসদ এম এ লতিফ বলেন, ‘এ দেশের শ্রমজীবী মানুষই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁদের উৎপাদিত পণ্যই বিদেশে রপ্তানি হচ্ছে। আবার বিদেশ গিয়ে তাঁরাই বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে চীনের পর যে দেশটি বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক পণ্য নিয়ে হাজির হবে, সেটি হচ্ছে বাংলাদেশ।’
রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর-লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) মাহবুবুর রহমান জানান, ১৯৭২ সালে রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ১৬৬ কোটি টাকা। এবার রাজস্বের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা। দেশ যে এগিয়ে যাচ্ছে, এটা তারই প্রমাণ।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে এ দেশের অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।