দুর্বল ছাত্রদের প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমাদের লক্ষ্য, ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী যেন ফেল না করে। এ জন্য বিশেষ করে শিক্ষক ও অভিভাবকদের দুর্বল ছাত্রদের প্রতি বাড়তি নজর দিতে হবে।’রাজধানীর এলজিইডি মিলনায়তনে চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন ২০১০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ‘আমরাও পারি, যদি...’ স্লোগান নিয়ে গতকাল রোববার দিনব্যাপী ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযান দ্বিতীয়বারের মতো ওই সম্মেলন আয়োজন করে। এতে দেশের ৬১টি জেলা থেকে চার শতাধিক অকৃতকার্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এ বছর দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করা শিক্ষার্থীরা অংশ নেয়।সম্মেলনে বক্তারা বলেন, সব স্কুলে শিক্ষার মান ধরে রাখতে না পারা, শিক্ষকস্বল্পতা ও শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত করতে না পারায় অনেক শিক্ষার্থী ফেল করছে। তাঁরা মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের ফেল করার অন্যতম পরিপার্শ্বিক কারণ হিসেবে মুঠোফোনের যথেচ্ছ ব্যবহারের কথা উল্লেখ করেন। আরও যেসব পারিপার্শ্বিক কারণের কথা সম্মেলনে চিহ্নিত হয়েছে সেগুলো হচ্ছে ইভ টিজিং, শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতার অভাব, শিক্ষক-সংকট, সৃজনশীল পরীক্ষা পদ্ধতি নিয়ে ভীতি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে তারতম্য থাকা প্রভৃতি।অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, মনোবিজ্ঞানী মেহতাব খানম, সংগীতশিল্পী হায়দার হোসেন প্রমুখ বক্তব্য দেন।