দুর্বল ট্রান্সফরমার, ঘন ঘন লোডশেডিং, প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের পাওয়ার ট্রান্সফরমার দুটি দুর্বল হয়ে পড়ায় প্রয়োজনীয় লোড নিতে পারছে না। এ কারণে ঘন ঘন বিদ্যুৎবিভ্রাট ও লোডশেডিং হচ্ছে।

এর প্রভাবে একদিকে যেমন শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি কৃষিতেও পড়ছে এর বিরূপ প্রভাব। প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে বোরো জমিতে সেচ বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ৩২ বছরেও ট্রান্সফরমার দুটি মেরামত করা হয়নি। এমনকি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারও স্থাপন করা হয়নি। আর তাই এ জেলায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সিরাজুল ইসলাম বলেন, দুই সপ্তাহ ধরে জেলা শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিপত্তি দেখা দিয়েছে। শহরাঞ্চলে প্রতি ২৪ ঘণ্টায় ১০-১২ ঘণ্টা ও গ্রামাঞ্চলে ১৫-১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। অথচ আশপাশের কোনো জেলায় গাইবান্ধার মতো বিদ্যুৎবিভ্রাট ও লোডশেডিং নেই।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু হানিফ বলেন, বিদ্যুৎবিভ্রাটের কারণে অস্ত্রোপচার ও হাসপাতালে পানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুকুমার লাল সরকার বলেন, পাওয়ার ট্রান্সফরমার দুটি প্রয়োজনীয় লোড সংরক্ষণ করতে না পারায় বিদ্যুৎবিভ্রাট হচ্ছে।

গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্র জানায়, এক লাখ ৩২ হাজার ভোল্ট ধারণক্ষমতাসম্পন্ন গ্রিড লাইন থেকে পলাশবাড়ী উপজেলা শহরে স্থাপিত গ্রিড সাব-স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই সাব-স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে গাইবান্ধা বিতরণ বিভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রে বিদ্যুৎ যায়। নিয়ন্ত্রণ কেন্দ্রের দুটি পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমে জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। ১৯৮২ সালে নিয়ন্ত্রণ কেন্দ্রে প্রতিটি ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সফরমার স্থাপন করা হয়। সে সময় বিদ্যুতের গ্রাহক ছিল প্রায় পাঁচ হাজার। বর্তমানে আবাসিক ও অনাবাসিক মোট গ্রাহক সংখ্যা ৩২ হাজার ৬৮৯ জন। জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ২৬ মেগাওয়াট। কিন্তু চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ১৩ মেগাওয়াট।

এদিকে পলাশবাড়ী গ্রিড সাব-স্টেশনে দুটি ট্রান্সফরমার মোট ৩০-৩৫ মেগাওয়াট বিদ্যুৎ ধারণ করতে পারে। কিন্তু সেখানে পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে ৩১ মেগাওয়াট বিদ্যুৎ। সেখান থেকে গাইবান্ধায় ১৭ মেগাওয়াট, গোবিন্দগঞ্জে ১১ মেগাওয়াট ও পলাশবাড়ীতে ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মকর্তা বলেন, গত ৩২ বছরে গ্রাহক সংখ্যা কয়েক গুণ বাড়লেও উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার সংযোজন করা হয়নি। মেরামত না করায় গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের ট্রান্সফরমার দুটি ওই ১৩ মেগাওয়াট বিদ্যুৎই ধারণ করতে পারছে না।

এদিকে বিদ্যুৎ চুরির কারণেও সংকট সৃষ্টি হয়েছে। জেলায় এক হাজার ৫৮০ কিলোমিটার বিদ্যুৎ লাইন রয়েছে। এর মধ্যে ২০০ কিলোমিটার লাইন খোলা তারে নির্মিত।

নির্বাহী প্রকৌশলী সুকুমার লাল সরকার বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার স্থাপন ও পুরোনো ট্রান্সফরমার মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।