দুর্বল দেশের ওপর সবলের হস্তক্ষেপ বন্ধের সুপারিশ
এক দেশের ওপর অন্য দেশের হস্তক্ষেপ বন্ধের সুপারিশ করেছে আইপিইউ (ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে যোগ দেওয়া বেশির ভাগ দেশ। সংগঠনটির শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে আজ রোববার সদস্যদেশের সাংসদেরা এ সুপারিশ করেন।
সম্মেলনে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের প্রধান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের ওপর হস্তক্ষেপের নীতিতে সমর্থন করে না। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সেটা তুলে ধরা হয়েছে।
বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, অতীতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো বিভিন্ন অজুহাতে ছোট দেশগুলোর ওপর হস্তক্ষেপ করেছে। ছোট দেশগুলো এসব হস্তক্ষেপ বন্ধে এবারের সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করেছে।
আজকের অধিবেশনে তিনটি জরুরি এজেন্ডা উত্থাপিত হয়েছে। এর মধ্যে মেক্সিকো বলেছে, অভিবাসন বিষয়ে বিশ্বব্যাপী কঠোর নিয়ম মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আরব গ্রুপ বলেছে, ইসরায়েলের নিয়ন্ত্রণমূলক আইন বসতি স্থাপনকে যেভাবে বৈধতা দিচ্ছে, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেলজিয়াম বলেছে, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও কেনিয়ার দুর্ভিক্ষ দেশগুলোর জনসংখ্যার ওপর প্রভাব ফেলবে। এর মধ্যে ভোটাভুটিতে বেলজিয়ামের প্রস্তাবটি গৃহীত হয়।
বিকেলে আইপিইউর গণমাধ্যম শাখার পরিচালক জিন মিলিগান সংবাদ ব্রিফিংয়ে বলেন, স্থায়ী কমিটিগুলোতে যেসব বিষয়ে আলোচনা হচ্ছে, সেসব বিষয়ে আগামী বুধবার সিদ্ধান্ত গৃহীত হবে।
শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক স্থায়ী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম। আলোচনা শেষে প্রতিনিধিদলের সদস্য মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, গণতন্ত্র নেই, জঙ্গিবাদ আছে, দুর্নীতি চলছে, মানবাধিকার নেই বা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে অনেক শক্তিশালী দেশ দুর্বল দেশের ওপর হস্তক্ষেপ করে। ছোট দেশগুলো বলেছে, এ ধরনের হস্তক্ষেপ বিশ্বে শান্তি নষ্ট করছে।
৪০টি দেশের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন। ফারুক খান বলেন, উন্নত দু-একটি রাষ্ট্র বিদ্যমান রেজল্যুশনকে ভালো বলেছে। কিন্তু ৩৫টি দেশ বলেছে, এই রেজল্যুশনের পরিবর্তন দরকার। বাংলাদেশের বক্তব্যে একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
এর আগে গত শুক্রবার নারী সদস্যদের অধিবেশনে বলা হয়েছে, সারা বিশ্বের ৮১ দশমিক ৮ শতাংশ সাংসদ নির্যাতনের শিকার হন। এর মধ্যে ৪৪ দশমিক ৪ শতাংশ শারীরিক নির্যাতনের, ২০ শতাংশ যৌন হয়রানির এবং ২৬ শতাংশ শারীরিকভাবে হেনস্তার শিকার হন।
এর আগে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম আইপিইউ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, এবারের সম্মেলনে ১৩৪টি দেশের ৫০ জনের বেশি স্পিকার এবং ৪০ জনের মতো ডেপুটি স্পিকার মিলিয়ে দেড় হাজারের মতো প্রতিনিধি অংশ নিয়েছেন।
বাণিজ্য মেলা
আইপিইউ সম্মেলন উপলক্ষে বিআইসিসির পাশের মাঠে বিদেশি অতিথিদের জন্য বিশেষ বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশের পণ্যের প্রদর্শনী ও বিক্রি চলছে। বাণিজ্য মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। প্রথম দিনে মেলায় ১০ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।