দুর্বল প্রার্থীই পরাজয়ের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত শনিবার তৃতীয় দফায় অনুষ্ঠিত তিনটি উপজেলার দুটিতেই বড় ব্যবধানে হেরেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামত উপেক্ষিত হওয়ায় এমনটিহয়েছে বলে নেতা-কর্মীরা মনে করছেন।
নির্বাচনে গোদাগাড়ী ও চারঘাট উপজেলায় আওয়ামী লীগের সব প্রার্থীরই ভরাডুবি হয়েছে। শুধু দুর্গাপুরে অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জয় পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ীতে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর চেয়ে ৩০ হাজার ৬২৫ ভোট বেশি পেয়েছেন। সঙ্গে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর ভোট যোগ হলে সেই ব্যবধান ৫৪ হাজার ৬১৯ ভোটে দাঁড়াবে। চারঘাটেও আওয়ামী লীগের চেয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী ১৯ হাজার ৭৩১ ভোট বেশি পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ীতে নির্বাচনের মাত্র ছয় দিন আগে ৯ মার্চ অনেক চেষ্টা করে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আতাউর রহমানের সঙ্গে দল-সমর্থিত প্রার্থীর সমঝোতা হয়। পরে আতাউর রহমান পথসভায় দাঁড়িয়ে বলেন, ‘দয়া করে আপনারা কেউ আমার প্রতীকে ভোট দেবেন না। দলীয় প্রার্থী আসাদুজ্জামানকে ভোট দেবেন।’
নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, ভোটাররা আতাউর রহমানের প্রথম কথাটি মেনেছেন। তাঁকে ভোট দেননি। কিন্তু পরের কথাটি শোনেননি। অনেকেই ক্ষোভে বিএনপি-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন। এ ছাড়া গোদাগাড়ীর প্রায় ৫০ হাজার ভোটার কেন্দ্রেই যাননি। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে লোকজনের সঙ্গে কথা বললে তাঁরা আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
কাকনহাট বাজারে আওয়ামী লীগের এক কর্মী বলেন, দলের নেতা-কর্মীরা কেউ দল-সমর্থিত প্রার্থীকে মেনে নিতে পারেননি। তাঁরা ভোটও দেননি।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, তাঁদের প্রার্থী নির্বাচন সঠিক ছিল। তবে ‘বিদ্রোহী’ প্রার্থীকে বসানো গেলেও তাঁর সব সমর্থককে ফেরানো যায়নি। তাঁরা অনেকেই বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে ভোট দিয়েছেন। এ ছাড়া এখানে সাঈদীর ইস্যু নিয়েও জামায়াত প্রচারণা চালিয়েছে।
এদিকে চারঘাটে দলীয় প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম। স্থানীয় লোকজন ও দলের নেতা-কর্মীরা জানান, ফকরুল গতবারও বিএনপি-সমর্থিত প্রার্থী আবু সাঈদের কাছে বিপুল ভোটে হেরে যান। এ জন্য এবার তৃণমূলের প্রত্যাশা ছিল নতুন কোনো মুখ। তা ছাড়া নির্বাচনের মাত্র সাত দিন আগে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রায়হানুল হকের সঙ্গে প্রার্থীর আনুষ্ঠানিক সমঝোতা হয়। তাঁদের মধ্যে সাত বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ ছিল। নেতার সঙ্গে সমঝোতা হলেও কর্মীদের মধ্যে এর প্রভাব পড়েনি।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এখানে ফকরুল ইসলাম ছাড়া সমর্থন দেওয়ার মতো কেউ ছিলেন না।