দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে দেশের মানুষের মধ্যে সহজেই অ্যানথ্রাক্স সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে। ঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে অ্যানথ্রাক্সের সংকট মোকাবিলা করা যাবে।গতকাল শুক্রবার ‘বাংলাদেশে অ্যানথ্রাক্স সংক্রমণ: রক্ষার উপায় কী’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজধানীর লালমাটিয়ায় নিজ কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে জানানো হয়, দেশের ১১টি জেলার ১৭টি উপজেলায় পশু ও মানবদেহে অ্যানথ্রাক্স ছড়িয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত এই রোগে ৩৪টি গরু ও নয়টি ছাগল মারা গেছে। এ ছাড়া আক্রান্ত ৬৭টি গরু জবাই করা হয়েছে। ৫২৩ জন মানুষও এ রোগে আক্রান্ত হয়েছে।আলোচকেরা বলেন, ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের ব্যাকটেরিয়ার আক্রমণে গবাদিপশুর দেহে অ্যানথ্রাক্স রোগ দেখা দেয়। এই ব্যাকটেরিয়া প্রতিকূল অবস্থার মধ্যেও বছরের পর বছর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে।অনুষ্ঠানে বলা হয়, অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালই যথেষ্ট। অ্যানথ্রাক্সের বিস্তার ঠেকাতে সব সুস্থ গবাদিপশুকে টিকা দেওয়া, প্রাণীর রোগ নির্ণয়ে দ্রুত সব জেলায় পরীক্ষাগার ও উপজেলা পর্যায়ে মিনি পরীক্ষাগার স্থাপনের দাবি জানানো হয়। আয়োজকেরা প্রতি জেলায় প্রাণিসম্পদ কর্মকতা, চিকিৎসক, কর্মকর্তা ও মাঠকর্মীর শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা বলেন। এ ছাড়া প্রতিবেশী দেশ থেকে অসুস্থ প্রাণী দেশে যেন ঢুকতে না পারে তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।বাপার পরিবেশ স্বাস্থ্য কর্মসূচির আহ্বায়ক এস কে রায়ের সভাপতিত্বে সেমিনারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক সানিয়া তাহমিনা, আইইডিসিআরের জ্যেষ্ঠ কর্মকর্তা মোস্তাক হোসাইন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবর রহমান, নিপসমের কর্মকর্তা সেব্রিনা ফ্লোরা, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ বক্তব্য উপস্থাপন করেন।